ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

চট্টগ্রাম নগরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বুধবার নগরীর ৭ ও ২ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের আওতায় ওয়ার্ড দুটির বিভিন্ন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। পাশাপাশি নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান, নির্মাণাধীন স্থাপনা ও পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে লার্ভিসাইড প্রয়োগ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মশার প্রজননস্থল সম্পর্কে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। চসিক কর্মকর্তারা জানান, নগরীতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও নাগরিকদের সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা বলেন, মশক নিধন কার্যক্রম সফল করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত