
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে। মর্যাদাপূর্ণ এ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১-১২০০ অবস্থানে রয়েছে, যার মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে আইইউবিএটি। গতকাল বুধবার টিএইচই প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং বিশ্বজুড়ে সবচেয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় র্যাংকিংগুলোর অন্যতম। এই র্যাংকিংয়ে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি