
পুষ্টি, শক্তি ও সুস্বাস্থ্যের অন্যতম সহজলভ্য উৎস ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কল্পে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব ডিম দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 'ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি' প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (এফভিএমএএস) অনুষদের উদ্যোগে গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল ১০টায় অনুষদীয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৩৬শে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীগণ ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ডিমের পুষ্টিগুণ, সুস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি