ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিকাশের কোটি টাকা লুটের দুই দিন পর মামলা

বিকাশের কোটি টাকা লুটের দুই দিন পর মামলা

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার দুই দিন পর থানায় মামলা করেছে বিকাশ কর্তৃপক্ষ।

গতকাল রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি জানান, গাজীপুরের শ্রীপুর থানায় বিকাশ ডিস্ট্রিবিউটর 'ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর' এর মালিক মো. মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে গত শনিবার দিবাগত রাতে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত হিসেবে ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২ কোটি ৩০ লাখ টাকা খোয়া যাওয়ার তথ্য দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের শনাক্তে শ্রীপুর থানা পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সদস্যরা কাজ করছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় বিকাশের একাউন্টস ম্যানেজারকে গুলি করে কোটি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বিকাশের ডিস্ট্রিবিউটর 'ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর' এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরে বিকাশের কার্যক্রম পরিচালনা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত