ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে শীতের পাখি রক্ষায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে শীতের পাখি রক্ষায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে আসতে শুরু করেছে শীতের পরিযায়ী পাখি। এসব পাখির নিরাপত্তা ও আবাসস্থল রক্ষায় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে অতিথি পাখি আসতে শুরু করেছে। পাখির নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে নিরাপদ দূরত্ব থেকে পাখি দেখতে বলা হয়েছে। জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং ও মাছ ধরা যাবে না।

এছাড়া ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া বা অন্য কোনোভাবে উচ্চ শব্দ সৃষ্টি করা যাবে না। পাখিদের ভয় দেখানো এবং জলাশয়ে পানির বোতল, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য ফেলাও নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তথ্যমতে, সাধারণত নভেম্বর থেকে ক্যাম্পাসে পরিযায়ী পাখি আসতে শুরু করে।

এসব পাখির মধ্যে সরালি, পচার্ড, গার্গেনি, পাতারি হাঁস, মানিকজোড় ও জলপিপি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার বলেন, ক্যাম্পাসে জলজ পাখির পাশাপাশি ঝোপঝাড় ও বনাঞ্চলে থাকা বিভিন্ন প্রজাতির পাখিও আসে। পাখির নিরাপদ আবাসস্থল রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সহযোগিতা চেয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত