
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, খুলনা অঞ্চল দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ ও শিল্পায়নের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। অথচ খালিশপুর ও দৌলতপুরে শিল্পায়নের ব্যাপক সুযোগ রয়েছে। কিন্তু নিরবচ্ছিন্ন জ্বালানি বা গ্যাস সরবরাহের অভাবে কাঙ্ক্ষিত শিল্পায়ন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, রূপসার ৮৮০ মেগাওয়াট ও ১৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলো শুধু জ্বালানি সংকটের কারণে অলস বসে আছে। এই সংকট দূর করে খুলনার বন্ধ থাকা শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। গত বৃহস্পতিবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬' এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খুলনা বিভাগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবনা নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন। এই অঞ্চল উন্নয়নবঞ্চিত দীর্ঘদিন যাবৎ। এই অঞ্চল দীর্ঘদিন শিল্পায়নের সুযোগ থেকে বঞ্চিত। অথচ একসময় এই অঞ্চলের শিল্পের সুনাম ছিল। এই অঞ্চলের পাটকলগুলো সারা পৃথিবীতে খুলনা বিভাগের নাম উজ্জ্বল করেছে, বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। কিন্তু প্রতিযোগিতায় টিকতে না পেরে এই কলগুলো বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, কারণ খুঁজতে গিয়ে আমরা দেখেছি, এখানে গ্যাস সরবরাহ করা যায়নি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা যায়নি। আর সেই কারণে আমরা এখন চিন্তা করছি, বাংলাদেশের মানচিত্রের পশ্চিম অংশ-সেটি উত্তর কিংবা দক্ষিণ- এই অংশে কীভাবে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ করা যায়, আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি।
এই উদ্যোগ গ্রহণের অনুপ্রেরণা পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, যিনি ২০০৫ সালে ঘোষণা করেছিলেন যে ২০০৭ সালের মধ্যে তিনি খুলনা বিভাগে গ্যাস সংযোগ দিতে চান। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, খালিশপুর, দৌলতপুরে শিল্পায়নের ব্যাপক সুযোগ থাকার পরেও আমরা মাত্র জ্বালানি সরবরাহ করতে পারছি না বলে এখানে শিল্পায়ন করতে পারছি না। আমরা খুলনায় স্পেশাল ইকোনমিক জোন করতে চাই, কিন্তু যদি গ্যাস সংযোগ না দিতে পারি তাহলে এই ইকোনমিক জোন ভায়াবল হবে না। অভয়নগর এবং নওয়াপাড়ায়-যশোরে যে বড় ইকোনমিক জোন হচ্ছে-সেখানেও কিন্তু একই সমস্যা। তিনি বলেন, রূপসার সাথে ৮৮০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র গঠন হচ্ছে, অথচ ফ্যাসিবাদ যখন এই বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, এর জ্বালানি কোথা থেকে আসবে-তার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আজ ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র খুলনায় অলস বসে আছে মাত্র জ্বালানি সরবরাহ না করার কারণে। এই সম্পদ বাংলাদেশের জনগণের, তাই আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিমন্ত্রী বলেন, আমরা মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর এমনকি ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করতে চাই। আমরা সেই কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। আমরা মোংলা বন্দরের আধুনিকায়ন করতে চাই। সম্প্রতি প্রধানমন্ত্রী দুটি নতুন কন্টেইনার টার্মিনাল ও জেটির কাজ শুরু করে গেছেন। আমরা এলএনজি টার্মিনালের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছি। একই সাথে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে খুলনায় আনার উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন থেকে অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুযোগ বঞ্চিত, অর্থাভাবে পড়তে পারছে না, গুম, খুনের শিকার পরিবার অথবা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি।