
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৫৫ কোটি টাকা। তবে স্থানীয়ভাবে ৮ হাজার টন মসুর ডাল কেনার উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাশিয়া থেকে এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ?‘ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিনটর্গ)’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির একটি প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এই সার কিনতে মোট ব্যয় হবে ১৫৪ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১২ টাকা। প্রতি টন এমওপি সারের মূল্য ধরা হয়েছে ৩৬০ দশমিক ৫৩ মার্কিন ডলার। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব নিয়ে আসা হয়। তবে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।