
এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করেছে। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের ব্যাংকিং সেবার আওতায় আনতে অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড বাড়ানো হবে। গতকাল বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পদযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ‘আস্থার আলো দেশজুড়ে’ শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া জোন ও শাখা-উপশাখার কর্মকর্তারা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন। ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাংকের উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা করা এনআরবিসি ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর তুলনায় সব সূচকে শীর্ষে রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাংকের সুশাসন নিশ্চিত করা, সেবার পরিধি বাড়ানো এবং ব্যাংকের সুনাম বৃদ্ধি করা। ঋণ কার্যক্রম ও খেলাপি ঋণের আদায় বৃদ্ধি করে মুনাফা বাড়িয়ে আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করা। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতে ঋণ বিতরণ বাড়িয়ে এনআরবিসি ব্যাংককে গণমানুষের ব্যাংকে পরিণত করা। এইখাতে বিতরণকৃত ঋণের পরিমান ৪০ শতাংশে উন্নীত করা হবে। প্রযুক্তিনির্ভর সেবার প্রচলন ও প্রসার ঘটানো হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি