ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার : খাদ্য প্রতিমন্ত্রী

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার : খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) প্রতি মাসে পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল প্রতি উপকারভোগীকে বিতরণ করা হচ্ছে। সে হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে সর্বমোট ১০ লাখ মেট্রিক টন চাল বাজেটে সংস্থান রাখা হয়েছে। খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ৭.৯৩ লাখ মেট্রিক টন সাধারণ চাল বিতরণ করা হয়েছে। গতকাল সংসদে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ সব তথ্য জানান। তিনি আরও বলেন, একই কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৫ মাসে ভিটামিন এ, ভিটামিন বি-১, ভিটামিন বি-১২, ভিটামিন বি-৯ (ফলিক এসিড), আয়রন ও জিংক সমৃদ্ধ ২৪৮টি উপজেলায় ৩ দশমিক ৭ লাখ মেট্রিক টন পুষ্টিচাল সরবরাহ করা হচ্ছে। খাদ্য প্রতিমন্ত্রী জানান, বাজারদর নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্নআয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ওএমএস (সাধারণ) কার্যক্রমের মাধ্যমে ১২টি সিটি কর্পোরেশন, ১৪টি শ্রমঘন জেলা এবং ৫২টি জেলা সদর পৌরসভায় ১ হাজার ৯১টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা ও ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে দৈনিক ১ হাজার ১৮৫ মেট্রিক টন চাল ও ১ হাজার ৪৩২ মেট্রিক টন আটা বিক্রয় করা হচ্ছে। এছাড়াও, চালের উর্ধ্বমূল্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম হিসেবে ৪১৮টি উপজেলায় ৮৩৬টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে দৈনিক ৪০৬ মেট্রিক টন চাল উপজেলার বাজারে বিক্রয় করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত