
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা Space for Climate Observatory (SCO)-এর Signatory (সদস্য) এবং বাংলাদেশের National Focal Point হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। ফরাসি মহাকাশ সংস্থা ঈঘঊঝ -এর নেতৃত্বে পরিচালিত এ আন্তর্জাতিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের মহাকাশ প্রযুক্তি ও জলবায়ু কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসসিএল থেকে SCO-তে Expression of Interest (EoI) প্রেরণ করা হয়। পরবর্তীতে, SCO-এর Steering Committee -এর সিদ্ধান্ত অনুযায়ী SCO কর্তৃপক্ষ বাংলাদেশকে জোটটির Signatory এবং National Focal Point হিসেবে স্বীকৃতি প্রদান করে।
Space for Climate Observatory (SCO) বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার একটি বৈশ্বিক জোট। ২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্ল্যাটফর্মটি মূলত আর্থ অবজারভেশন স্যাটেলাইটের তথ্য, ইন-সিটু (In-situ) তথ্য এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থার তথ্য একত্রিত করে জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস তৈরি এবং নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করে। স্যাটেলাইটভিত্তিক বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে ব্যবহার উপযোগী করে তোলার লক্ষ্যে SCO বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্প পরিচালনা ও অর্থায়ন করে থাকে।
আন্তর্জাতিক পর্যায়ে SCO-এর অর্থায়নে ইতোমধ্যেই জলবায়ু পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন ও পূর্বাভাস বিষয়ে বহু সফল ও কার্যকরী আন্তর্জাতিক প্রকল্প পরিচালিত হয়েছে এবং বর্তমানে ফ্রান্স, চীন, হাইতি, থাইল্যান্ড, মায়ানমার ও ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব প্রকল্প পরিচালিত হচ্ছে।