
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসারে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। ১৭ অক্টোবর বিকেলে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট রিজার্ভ হলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ হিসাব করা রিজার্ভ। এসব তহবিল হলো রপ্তানি উন্নয়ন তহবিল, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল, দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা ইত্যাদি। এসব তহবিলের অর্থ ইচ্ছা করলেই কেন্দ্রীয় ব্যাংক যেকোনো সময় খরচ করতে পারে না।
যেমন বিমান কেনার জন্য সোনালী ব্যাংকের মাধ্যমে বিতরণ করা বৈদেশিক মুদ্রা বা ডলার এবং রপ্তানি কাজে বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে তৈরি পোশাক কারখানার মালিকদের দেওয়া অর্থ ইত্যাদি।
এ গ্রস পদ্ধতি মূলত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসাব পদ্ধতি। দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ তিন হাজার ৬৩৮ কোটি ৬৫ লাখ ২০ হাজার ডলার বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।