
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসন জোরদার করতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যানের আওতায় গঠিত প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম (পিআইটি) পুনর্গঠন করেছে অর্থ বিভাগ। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর বাজেট শাখা-৩ থেকে জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্গঠিত পিআইটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, 'কম্পোনেন্ট-৯: স্ট্রেনদেনিং অব স্টেট-ওউনড এন্টারপ্রাইজেস গভর্ন্যান্স' শীর্ষক কম্পোনেন্টের কার্যক্রম বাস্তবায়নের জন্য এ টিম পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত পাঁচ সদস্যের পিআইটিতে রয়েছেন অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব রহিমা বেগম, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুবিভাগ-১-এর অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-৩ অধিশাখার যুগ্মসচিব আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-১-এর পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন।
অর্থ বিভাগ প্রণীত পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করা এ কম্পোনেন্টের মূল লক্ষ্য।