
ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে বিনিয়োগ করেছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে পিকাবুর ব্রিজ রাউন্ডে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হলো এক্স অ্যাঞ্জেল লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান। পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার। এ ছাড়া পিকাবুর বিদ্যমান শেয়ারহোল্ডার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম।
এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, এক্স অ্যাঞ্জেল দেশের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। পিকাবুর মতো একটি স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ আমাদের সেই লক্ষ্য এবং এ খাতের সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এ অংশীদারত্ব পিকাবুর ব্যবসায়িক সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি সাফল্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এ অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্স অ্যাঞ্জেলের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে আশাবাদী।