
নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন দাপুটে জয় দিয়ে। গত সোমবার প্রথম রাউন্ডে স্পেনের পেদ্রো মার্তিনেজকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। মেলবোর্নে এটি সার্বিয়ান এই তারকার ক্যারিয়ারের শততম জয়। একই দিনে চাপ সামলে জয় পেয়েছেন মেয়েদের বিভাগের তারকা ইগা শিয়নটেকও।
১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ মার্তিনেজকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান। এর মধ্যদিয়ে মেলবোর্ন পার্কে তার জয়ের সংখ্যা দাঁড়াল ১০০-তে। অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি জয়ের তালিকায় তিনি এখন রজার ফেদেরারের ঠিক পিছনে। আরও তিনটি ম্যাচ জিতলেই ফেদেরারকে ছাপিয়ে যাবেন সার্বিয়ান কিংবদন্তি।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘শততম জয়, শুনতেই দারুণ লাগে। এই ধরনের মাইলফলক আমাকে আরও অনুপ্রাণিত করে। বিশেষ করে ক্যারিয়ারের শেষ পাঁচণ্ডদশ বছরে ইতিহাস গড়ার তাগিদ আমাকে নিজের সেরা টেনিস খেলতে সাহায্য করেছে।’ তিনি আরও বলেন, ‘ছোটবেলায় যারা আমাকে পথ দেখিয়েছেন এবং এতদিন ধরে কিভাবে টেনিস খেলতে হয় শিখিয়েছেন, তাদের জন্য আমি কৃতজ্ঞ। যতদিন সম্ভব, ততদিন খেলতে চাই। এখনও এ পর্যায়ে টেনিস খেলতে পারছি- এটা ভেবেই ভালো লাগছে।’ অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি উইম্বলডন ও রোলাঁ গারেতেও জোকোভিচের রয়েছে ১০০টি করে জয়।