
অবশেষে অপেক্ষার অবসান হলো ইয়েলেনা রিবাকিনার। রড লেভার অ্যারেনায় ঝড় তুললেন কাজাখস্তানের এই তারকা। শীর্ষ বাছাই ও র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা তা সামলাতে পারলেন না। তাকে হারিয়ে চার বছর পর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রিবাকিনা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি। ২০২২ সালের উইম্বলডন জয়ের পর আবার গ্র্যান্ড স্লাম জিতলেন কাজাখস্তানের টেনিস তারকা। গতকাল শনিবার মেলবোর্ন পার্কে নারী এককের ফাইনালে সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে শিরোপা হাসি হাসলেন রিবাকিনা।
এখানে নারী এককের ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা গত বছরও ফাইনালে উঠেছিলেন। কিন্তু হেরে যান ম্যাডিসন কিসের বিপক্ষে। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার দারুণ পারফরম্যান্সে আশাও জাগান নাম্বার ওয়ান তারকা, কোনো সেট না হেরেই উঠে আসেন ফাইনালে। অবশ্য পঞ্চম বাছাই রিবাকিনাও শিরোপা লড়াইয়ে আসেন কোনো সেট না হেরে। এবং ফাইনালেও শুরুটা অসাধারণ হয় তার। এরপর, দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর পর, তৃতীয় সেটের শুরুতে একবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩-০ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। যদিও চাপ ধরে রাখতে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান রিবাকিনা; টানা পাঁচ গেম জিতে লাগাম হাতে নেন তিনি।