ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘ওটাই আমার জন্য সেরা সময় ছিল’

‘ওটাই আমার জন্য সেরা সময় ছিল’

সাকিব আল হাসানের অবর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক এখন রিশাদ হোসেন। সম্প্রতি হোবার্ট হারিকেন্সের জার্সিতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ মাতিয়ে দেশে ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতে। কিন্তু আইসিসির অন্যায্য আচরণে বঞ্চিত হয়েছে টাইগাররা। তাই ঘরের মাঠে বিকল্প টুর্নামেন্ট খেলছেন লাল সবুজের প্রতিনিধিরা। বল হাতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন রিশাদ। ধূমকেতুর হয়ে দুরন্তের বিপক্ষে প্রথম ম্যাচে রিশাদ দারুণ বোলিং করেছেন। ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে রিশাদ জানান, একাদশে যখন নিয়মিত ছিলেন না তখনকার সময়ই তার জীবনের সেরা সময়। ওই সময় সুযোগ না পাওয়ার কারণেই নিজেকে নিয়ে কাজ করেছেন।

লাল সবুজের এ তারকা স্পিনার বলেন, ‘যখন খেলতে পারতাম না, ওটা আমার জন্য শিক্ষা ছিল। ওই সময় আমি নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছি। ওটাই আমার জন্য সেরা সময় ছিল, নিজেকে গড়ে তুলতে পেরেছি। বিগ ব্যাশে হোবার্টের নিয়মিত একাদশের সদস্য ছিলেন রিশাদ। ফলে অস্ট্রেলিয়ার কন্ডিশনে পুরো একটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা হয়েছে তার। বাংলাদেশের সঙ্গে তুলনা করে এ স্পিন তারকা বলেন, এগুলো সবাই জানে ওদের সবই ভিন্ন লেভেলের। সেসব চিন্তা করলে আমাদের এত কিছু নেই। খেলার যে পরিবেশ, এটা ওদের চেয়ে আমাদের আরও উন্নত করা সম্ভব। আপাতত এতটুকুই, হোটেল থেকে শুরু করে সব কিছু। বলা কঠিন, একেক দলের একেক পরিবেশ। বাংলাদেশও খারাপ না। রিশাদ আরও বলেন, দুই কন্ডিশন ভিন্ন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। সবমিলিয়ে পরিবেশ থেকে শুরু করে খেলার মান সবই ভিন্ন পর্যায়ের। আমার মনে হয় এর চেয়ে বড় লেভেল আর নেই।

অস্ট্রেলিয়ার পরিবেশ নিয়ে রিশাদ বলেন, ‘ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সরল। যে কারও সঙ্গে আরামসে মানিয়ে নেয়। আমার কাছে এটা ভালো লেগেছে যে বড়-ছোট কোনও কিছু দেখে না। আমি চেষ্টা করবো এ রকম থাকতে।’ অস্ট্রেলিয়ায় স্মিথ ও পন্টিংয়ের সঙ্গে ছবি তুলে তা আপলোড করেছিলেন রিশাদ। সেটার গল্প বলতে গিয়ে এই লেগ স্পিনার জানালেন, ‘আসলে ছবি আমিও তুলতে চাইনি। আমি বোলিং করছিলাম, ওনারা ডেকে বললেন এদিকে এসো। তারা অনেক অনেক বন্ধুভাবাপন্ন, অনেক অনেক কিছু ওদের কাছে শেখার আছে। চেষ্টা করেছি কথা বলার, শেখার।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার হতাশা কাজ করছে অনেকেরে মনে। রিশাদের হতাশা আছে কি না জানতে চাওয়া হলে সাংবাদিকদের কাছেই রিশাদ তখন জানতে চান, ‘আপনাদের করছে না?’।

উত্তরটা ‘হ্যাঁ’ আসার পর রিশাদ বলেন, ‘আমারও সেম।’ বিগ ব্যাশে রিশাদের কাছে নাকি বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তিনি জানালেন, ‘ওরা জিজ্ঞেস করছিল বাংলাদেশের তো অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, ওরা বাইরে খেলে না কেন। আমি বলেছি, সুযোগ এলে অবশ্যই খেলবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত