ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পিএসএল নিলামে ৫০ বাংলাদেশি

পিএসএল নিলামে ৫০ বাংলাদেশি

বড় পরিসরে আয়োজন হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। তাই দলসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে ম্যাচসংখ্যাও। প্রতিযোগিতার শুরু থেকে ড্রাফট পদ্ধতিতে দল গঠন হলেও এবার প্রথমবারের মতো নিলাম পদ্ধতিতে স্কোয়াড সাজাবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী বুধবার অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। নিলামকে সামনে রেখে নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৮৭৯ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন ৫০ জন। সর্বোচ্চ ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম দিয়েছেন ৩১ জন ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, ড্যারেল মিচেল, মুজিব উর রহমান, রাইলি রুশো, মাইকেল ব্রেসওয়েল, জেমস ভিন্স, ফখর জামান ও হারিস রউফ। তবে এ ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। তিনজনের ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ লাখ টাকা।

এছাড়া ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন ২২ জন বাংলাদেশি ক্রিকেটার। এ তালিকায় আছেন রিশাদ হোসেন, লিটন কুমার দাস, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও রিপন মণ্ডল। বাকি ২৫ জন বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৬০ লাখ পাকিস্তানি রুপি।

নিলামে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, আফিফ হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, নাইম শেখ, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাঈম হাসান ও রনি তালুকদারসহ মোট ৫০ জন ক্রিকেটার। এদিকে মোস্তাফিজুর রহমানকে নিলামের মধ্য দিয়ে যেতে হচ্ছে না। আইপিএল থেকে বাদ পড়া এ বাঁহাতি পেসারকে সরাসরি ২ কোটি ৮১ লাখ টাকায় দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত