
মন্থর শুরু করা ওয়েস্ট ইন্ডিজের রানের গতিতে দম দিলেন শিমরন হেটমায়ার। আগ্রাসী ফিফটিতে দলকে এনে দিলেন মাঝারি পুঁজি। এরপর বল হাতে আলো ছড়ালেন রোমারিও শেফার্ড। হ্যাটট্রিকের পাশাপাশি পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং গুঁড়িয়ে দিলেন তিনি। তাদের নৈপুণ্যে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ক্যারিবিয়ানরা। গতকাল শনিবার কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রান করে স্কটিশদের তারা গুটিয়ে দিয়েছে ১৪৭ রানে।
নবম ওভারে ক্রিজে গিয়ে ৩৬ বলে ছয়টি ছক্কা ও দুটি চারে ৬৪ রান করেন হেটমায়ার। সঙ্গে চোখধাঁধানো এক ক্যাচ ধরা এই ক্যারিবিয়ান জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। ওয়েস্ট ইন্ডিজের আর কেউ ৩৫ রানের বেশি করতে পারেননি। ইনিংসটির পথে ২২ বলে পঞ্চাশ স্পর্শ করেন হেটমায়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যা দ্রুততম ফিফটি। ২০০৯ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিস গেইলের করা ২৩ বলে ফিফটির রেকর্ডটি ভেঙে দেন তিনি। ম্যাচের দ্বিতীয়ভাগে সব আলো কেড়ে নেন শেফার্ড। তিন ওভারে স্রেফ ২০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে পাঁচ উইকেট পাওয়া দ্বিতীয় ক্যারিবিয়ান শেফার্ড। গত আসরে উগান্ডার বিপক্ষে ১১ রানে পাঁচ শিকার ধরেছিলেন আকিল হোসেন। গত বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন শেফার্ড। এবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করা চতুর্থ বোলার শেফার্ড, ওয়েস্ট ইন্ডিজের প্রথম। নিরাপত্তা ঝুঁকিতে ভারতে না যাওয়া বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।