ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘রোনালদোকে কেউ ছাড়াতে পারলে সেটা এমবাপ্পেই’

‘রোনালদোকে কেউ ছাড়াতে পারলে সেটা এমবাপ্পেই’

রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো যেন এই পৃথিবীর কেউ নন। এই ক্লাবের হয়ে তিনি যা করেছেন, তেমন কিছুর পুনরাবৃত্তি করা অসম্ভরের কাছাকাছি। আলভারো আরবেলোয়া অকপটেই তা বলছেন। তবে রিয়াল মাদ্রিদের কোচ এটাও বলে রাখছেন, কিলিয়ান এমবাপ্পেও ছুটছেন সেই একই পথ ধরে।

এমবাপ্পেকে নিয়ে মুগ্ধতার কথা আগেও বলেছেন আরবেলোয়া। নতুন করে আবার বলছেন ভালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর। লা লিগার ম্যাচটিতে ভালেন্সিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। চলতি লিগে তার ২৩তম গোল এটি। গোলের তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে তিনি এখন ৮ গোলে। তার এই অপ্রতিরোধ্য ছুটে চলা দেখেই অনেকের মনে পড়ছে রোনালদোকে। তার কীর্তি তো কাছ থেকেই দেখেছেন আরবেলোয়া।

রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা আরবেলোয়া এই ক্লাবের হয়েই খেলেছেন ২০০৫ সাল পর্যন্ত। পরে দেপোর্তিভো লা করুনিয়া ও লিভারপুল হয়ে আবার মাদ্রিদে ফেরেন ২০০৯ সালে। রিয়ালের জন্য এটি মাইলফলক এক মৌসুম। কারণ, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদো এই ক্লাবে পা রাখেন ওই বছরই।

এরপর বছরের পর বছর আরবেলোয়া কাছ থেকেই দেখেছেন, কীভাবে অমরত্বের ঠিকানায় পৌঁছে গেছেন পর্তুগিজ এই তারকা। রিয়ালের হয়ে রোনালদোর রেকর্ড, অর্জন, প্রাপ্তি অসংখ্য। সবচেয়ে বড় রেকর্ড সম্ভবত ক্লাবের ইতিহাসের সেরা গোলস্কোরারের কীর্তিটিই। অবিশ্বাস্যভাবে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল তিনি করেছেন। এমবাপ্পে কি পারবেন সেই রেকর্ড নিজের করে নিতে? আরবেলোয়ার উত্তরে মিশে থাকল রোনালদোর শ্রেষ্ঠত্ব আর এমবাপ্পের সম্ভাবনা।

‘আমরা খুবই সৌভাগ্যবান (এমবাপ্পেকে পেয়ে)। এই মুহূর্তে সে বিশ্বের সেরা ফুটবলার। দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ সেটা প্রমাণ করে চলছে সে। আগেও বলেছি, ক্রিস্তিয়ানো রোনালদো এখানে যা অর্জন করেছে, তা বহির্জাগতিক, বলা যায় দুনিয়ার বাইরের কিছু এবং তেমন কিছু করা প্রায় অসম্ভব। কেউ হয়তো কাছাকাছিও যেতে পারবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত