ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দুই ভাইয়ের নৈপুণ্যে ইতালির ইতিহাস

দুই ভাইয়ের নৈপুণ্যে ইতালির ইতিহাস

ইয়র্কার ডেলিভারিটি কাভারে খেললেন অ্যান্থনি মোসকা। বল ধরতে পারলেন না ফিল্ডার। সেই সুযোগে রানের জন্য দৌড় দিতে দিতে উল্লাস শুরু করলেন দুই ব্যাটসম্যান। জয় নিশ্চিত হতেই হুঙ্কার দিয়ে উঠলেন অ্যান্থনি মোসকা। অন্যপ্রান্ত থেকে এসে তাকে আলিঙ্গন করলেন তার ছোট ভাই জাস্টিন মোসকা। ইতালির দুই ভাইয়ের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, আর নেপালের ক্রিকেটারদের চেহারায় ফুটে ছিল হতাশা। প্রথমবার ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় ফুটবলের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। মুম্বাইয়ে গতকাল বৃহস্পতিবার তারা নেপালকে হারায় ১০ উইকেটে! টি-টোয়েন্টিতে এই প্রথম ১০ উইকেটে জয়ের স্বাদ পেল ইতালি। আর এই সংস্করণের বিশ্বকাপে এমন দৃশ্য দেখা গেল অষ্টমবার। চলতি আসরেই দুই দিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড।

বোলারদের চমৎকার পারফরম্যান্সে নেপালকে স্রেফ ১২৩ রানে গুটিয়ে দেয় ইতালি। পরে রান তাড়ায় মোসকা ভাইদের অপরাজিত ফিফটিতে ৪৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইউরোপের দলটি। ছয়টি ছক্কা ও তিনটি চারে ৩২ বলে ৬২ রান করেন অ্যান্থনি মোসকা। আর তিনটি ছক্কা ও পাঁচটি চারে ৬০ রানের ইনিংস খেলেন জাস্টিন মোসকা। ম্যাচ সেরার পুরস্কার অবশ্য জিতে নেন কৃশান কালুগামাগে। স্রেফ ১৮ রানে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন এই লেগ স্পিনার।

ওয়াংখেড়েতে এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা নেপাল দ্বিতীয় ওভারে উইকেট হারালেও পরে কিছুটা লড়াই করে। আসিফ শেখ, রোহিত পাউডেল, দিপেন্দ্রা সিং আইরি ও আরিফ শেখ পান ভালো শুরু। কিন্তু তাদের কেউই ইনিংস বড় করতে পারেননি। নেপাল অধিনায়ক রোহিতকে (২ ছক্কায় ২৩) ফিরিয়ে ৪১ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন কালুগামাগে। পরের ওভারে বেন মানেন্তির বলে স্টাম্পড হন আসিফ (২ চারে ২০)। দিপেন্দ্রাকে বোল্ড করে জমে ওঠা আরেকটি জুটি ভাঙেন কালুগামাগে। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের আশা দেখানো লোকেশ বাম এদিন ফেরেন স্রেফ ৩ রানে। নেপালের ইনিংসে ৩ চারে সর্বোচ্চ ২৭ রান করা আরিফ শেখ জেজে স্মাটসের শিকার। এরপর আর বেশিদূর যেতে পারেনি নেপাল। ৩৩ রানে শেষ সাত উইকেট হারিয়ে ১৫০ করতে পারেনি তারা। ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ওভারের শেষ বলে ছক্কা মারেন অ্যান্থনি মোসকা। তার ব্যাট থেকে দ্বিতীয় ওভারে আসে একটি চার। তৃতীয় ওভারে কারান কেসিকে এক ছক্কা ও দুই চার মারেন জাস্টিন মোসকা। দুই ভাইয়ের তাণ্ডব চলে পরেও। তাতে পাওয়ার প্লেতে ৬৮ রান পায় ইতালি। সান্দিপ লামিছানের একাদশ ওভারের চতুর্থ বলে সিঙ্গল নিয়ে ৩৭ বলে ফিফটি স্পর্শ করেন জাস্টিন মোসকা। পরের দুই বলেই ছক্কায় ওড়ান অ্যান্থনি মোসকা। প্রথমটিতে পঞ্চাশে পা রাখেন তিনি, ২৮ বলে। পরে ম্যাচ জেতানো রানটিও আসে তার ব্যাট থেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত