
নারী ফুটবল লিগে প্রথমবার এসেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টার্স। দলটির হয়ে খেলেছেন ঋতুপর্ণা চাকমা-আলপি আক্তররা। শিরোপা জিতে ঋতুপর্ণারা ভীষণ উচ্ছ্বসিত। গতকাল শুক্রবার ম্যাচ শেষে অনেক কথা বললেও অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ ফুটবল নিয়ে এক প্রশ্নের উত্তরে ‘নো কমেন্টস’ বলে সেটি এড়িয়েও যান রাঙামাটি থেকে উঠে আসা এই ফুটবলার। শুরুতে শিরোপা জিতে নিজেদের উচ্ছ্বাসের কথা জানালেন ঋতুপর্ণা, ‘সহজ ছিল না অবশ্যই। আগের থেকে এই লিগটা খুবই কম্পিটিটিভ এবং আমাদের লক্ষ্য এই শিরোপাটা ধরে রাখা। সেই পরিকল্পনা আমরা পূরণ করতে পেরেছি এবং খুশি।’ একজনের প্রশ্ন ছিল এমন- ‘আপনারা যে এখানে লিগটা খেললেন, টার্ফে খেলা হয়েছে। আর আপনারা খেলতে যাবেন এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ ঘাসের মাঠে। এই প্রস্তুতিটা কি যথার্থ হলো এই লিগটা খেলে?’
উত্তরে ঋতু বলেছেন, ‘এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। নো কমেন্টস প্লিজ। তবে আমরা যে খেলার ওপরে থাকতে পেরেছি, আমাদের ফিটনেস ধরে রাখতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক ভালো।’ লিগ নিয়ে আবার কথা বলতে গিয়ে ঋতুর উত্তর, ‘এর আগে লিগে ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই একটা টিমে খেলতো, যার কারণে তেমন কম্পিটিটিভ ছিল না। এবার পুল সিস্টেমটা করার পর লিগটা একটু প্রতিযোগিতামূলক হয়েছে।’