ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাইজিং স্টারস এশিয়া কাপ

নাটকীয় জয়ে শুরু বাংলাদেশের

নাটকীয় জয়ে শুরু বাংলাদেশের

সানজিদা আক্তার মেঘলার বলে যখন ছক্কা মেরে দিলেন আমা কাঞ্চানা, ম্যাচে তখন দারুণ উত্তেজনা। ১৫ বলে লঙ্কানদের প্রয়োজন ২১ রান, উইকেট বাকি ৫টি। এই সময়ের ক্রিকেটে কাজটা কঠিন নয় মোটেও। তবে ওই ওভারেই টানা দুই বলে উইকেট নিয়ে ম্যাচের মোড় আবার ঘুরিয়ে দিলেন মেঘলা। ফলে শেষ ওভারে দরকার ছিল ১১ রান। অন্তত একটা বাউন্ডারি হাঁকাতেই হতো শ্রীলঙ্কা ‘এ’ দলকে। ফাহিমা খাতুনের করা ওভারটিতে তারা দৌড়ে ৮ রান নিতে পারলেও বাউন্ডারি পায়নি। তাতে ব্যাংককে শ্রীলঙ্কা ‘এ’ দলকে আজ ৩ রানে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন একগাদা ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১১৫ রানে। ২০ ওভার খেলে ১১১ রানে থামে লঙ্কানদের ইনিংস। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাঁহাতি স্পিনার মেঘলা। গতকাল শনিবার ব্যাংককে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা করে দারুণ। ম্যাচের প্রথম বলে বাউন্ডারিতে শুরু করেন ইশমা তানজিম। অভিজ্ঞ শামীমা সুলতানা ঝড় তুলতে না পারলেও উইকেটে টিকে থাকেন। পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে বাংলাদেশ। ৩৮ বছর ছুঁইছুঁই শামীমা আউট হন ১৯ বলে ১৭ রান করে। পাওয়ার প্লে শেষে রানের গতিও থমকে যায়। ২৫ বলে ৩০ রান করে বিদায় নেন ইশমা। এরপর রুবাইয়া হায়দারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শারমিন সুলতানা। তবে দীর্ঘায়িত হয়নি সেই চেষ্টা। ২০ বল খেলে ১১ রানে আউট জন রুবাইয়া। আগ্রাসী তাজ নেহার বিদায় নেন দুই বল খেলেই।

শারমিন এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে। ২৭ বলে ২৯ রান করে শারমিন আউট হওয়ার পর ইনিংসে নামে মহাধস। অবিশ্বাস্যভাবে ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। রান তাড়ায় লঙ্কান অধিনায়ক আনুশকা সাঞ্জিভানিকে তৃতীয় ওভারে ফেরান বাংলাদেশ অধিনায়ক ফাহিমা। দ্রুততায় শুরু করা সানজানা কাভিন্দিকে (১৭) বোল্ড করে দেন মেঘলা। তিনে নামা হানশিমা কারুনারাত্নে এক প্রান্ত আগলে এগিয়ে নেন দলকে। তাকে যখন ২৬ রানে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা, লঙ্কানদের রান তখন ৫ উইকেটে ৬৫। তবে বল হাতে ৪ উইকেট নেওয়া সাঞ্চিনি নিসানসালা ব্যাট হাতেও দলকে লড়াইয়ে রাখেন। তাকে সঙ্গ দেন আমা কাঞ্চানা।

এই জুটিই বিপাকে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে নিজের স্পেলের শেষ দুই বলে কাঞ্চানা (২৩) ও মালশা সেহানিকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেঘলা। পরের ওভারে সাঞ্চিনি চার দিয়ে শুরু করলেও তাকে (১৮ বলে ২০) বিদায় করেন অভিজ্ঞ লতা মন্ডল। শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন পড়ে ১৩ রানের। অধিনায়ক ফাহিমা নিজেই দায়িত্ব নেন। শেষ ওভারে রান দেন শুধু ৮। বাংলাদেশের পরের ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে আগামীকাল সোমবার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত