
অত্যন্ত দ্রুতগতির, রোমাঞ্চকর ও জনপ্রিয় ইনডোর খেলা টেবিল টেনিস। দেশের প্রত্যন্ত অঞ্চলে তেমন প্রচলন না থাকলেও বিশ্ববিদ্যালয়ের হলে টেবিল টেনিসের প্রচলন অনেক আগের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেবিল টেনিসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায়ই। তবে টেবিল টেনিস ফেডারেশন বিশ্ববিদ্যালয় নিয়ে টুর্নামেন্ট আগে কখনও করেনি। দেশের ৩০টি প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে আজ থেকে শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে দুদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট।
টেবিল টেনিসের সঙ্গে দীর্ঘদিন জড়িত মো. আলী। সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ আলী বলেন, ‘ফেডারেশনের আয়োজনে এতো প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে টুর্নামেন্ট কখনও হয়নি। প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক সময় নিজস্ব ব্যবস্থাপনায় টুর্নামেন্ট করেছে যা ফেডারেশনে হয়েছে।’ প্রতিযোগিতায় এরই মধ্যে পুরুষ বিভাগে ১৭৪ এবং নারী বিভাগে ৩৬ জনের মতো এন্ট্রি হয়েছে। নারী বিভাগে একক ও পুরুষ বিভাগে দলগত ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। মাত্র দু’টি ইভেন্ট হওয়ার পেছনে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য সুজন মাহমুদ বলেন, ‘নারীদের সংখ্যা কম এজন্য শুধু একক ইভেন্ট রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিকভাবে দলগত ইভেন্টই খেলা হয়। এজন্য পুরুষ বিভাগে দলগত।’
অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট, কুয়েট, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, আইইউটি, ড্যাফোডিল, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট এবং স্টেট ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলবেন।