ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। এ ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১২ রান। নারী ক্রিকেটে কাজটা বেশ কঠিনই বটে। বাংলাদেশের বাস্তবতায় তো ভীষণরকমই কঠিন। সেই কাজটিই দারুণভাবে করলেন ফারজানা ইয়াসমিন। টানা দুই বলে চার ও ছক্কা মেরে দিলেন ফানিতা মায়ার বলে। পরের বলেই অবশ্য আউট হয়ে গেলেন তিনি। তবে আসল কাজ তো করেই ফেলেছেন ততক্ষণে। ফারজানার শেষ দিকের ক্যামিওতে গতকাল সোমবার ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপে লো স্কোরিং ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচেও শেষ ওভারের ফয়সালায় শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছিল বাংলাদেশ ‘এ।’

থাইল্যান্ড ২০ ওভারে তোলে ১০৩ রান। বাংলাদেশ ‘এ’ দল লক্ষ্যে পৌঁছায় ১ বল বাকি রেখে। ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা থাইল্যান্ড পারেনি বড় কোনো জুটি গড়তে। দলের সেরা তারকা নাত্থাকান চান্থাম ২৪ রান করতে বল খেলেন ৩৪টি। তিনে নেমে নানাপাত কোঞ্চারুইনকাই ৩৮ বল খেলে রান করেন ৩৪। বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ে ১৬ ওভার শেষে থাইল্যান্ডের রান ছিল ৬৮। পরে ওনিচা কামচম্ফুর ১০ বলে ১৭ ও ফানিতা মায়ার ৮ বলে ১২ রানে কোনোরকমে ১০০ ছাড়ায় তারা। শেষ ৪ ওভার থেকে রান আসে ৩৫। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন ও অফ স্পিনার শরিফা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।

রান তাড়ায় ৪ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে দুই অভিজ্ঞ শামিমা সুলতানা ও লতা মন্ডল যোগ করেন ৪৫ রান। ২৯ বলে ২৬ রান করে আউট হন শামীমা। ফাহিমা ফেরেন ১৬ বলে ১২ রান করে। সপ্তম ব্যাটার হিসেবে ক্রিজে গিয়ে দুটি বাউন্ডারি মারেন ফারজানা। তার পরও বিপাকে ছিল বাংলাদেশ। এক প্রান্ত আগলে রাখা লতা ৪০ বলে ৩০ রান করে আউট হয়ে যান শেষের আগের ওভারে। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গল নেন শরিফা। এরপরই ফারজানার ওই চার ও ছক্কা। পরের বলেই তিনি আউচ হয়ে যান। নতুন ব্যাটার জান্নাতুল ফেরদৌস সুমনা ক্রিজে গিয়ে প্রথম বলেই রান নিয়ে দলকে জিতিয়ে দেন।

ম্যাচণ্ডসেরা হয়ে ফারজানা বললেন, বল হাতে খরুচে থাকলেও সতীর্থদের সমর্থনে তিনি উজ্জীবিত ছিলেন ব্যাটিংয়ে। ‘প্রথম ইনিংসে আমরা বোলিং পেয়েছি, তখন আমার বোলিং খারাপ হয়েছে। তখন আমার অধিনায়ক, সতীর্থ যারা ছিলেন, অনেক সাপোর্ট করেছেন যে, আমার একটা পার্টই নয়, তিনটা পার্ট আছে, ফিল্ডিং আছেন, ব্যাটিং আছে এখনও। উনাদের সাপোর্টে ব্যাটিং ভালো হয়েছে আমার।’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ‘এ’ আগামীকাল বুধবার খেলবে মালেয়েশিয়ার বিপক্ষে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত