ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

একটি কীর্তি ছুঁয়ে আরেকটির আরও কাছে ফিলিপস

একটি কীর্তি ছুঁয়ে আরেকটির আরও কাছে ফিলিপস

ইনিংসের চতুর্থ ওভারে ক্রিজে গিয়ে দলের জয় সঙ্গে নিয়ে ফিরলেন গ্লেন ফিলিপস। কানাডার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে উপহার দিলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এই পারফরম্যান্স তাকে এনে দিল ম্যাচ সেরার স্বীকৃতি। আর তাতে একটি কীর্তি গড়ে আরেকটির কাছে পৌঁছে গেলেন নিউ জিল্যান্ড ক্রিকেটার। চেন্নাইয়ে গতকাল মঙ্গলবার কানাডার বিপক্ষে কিউইদের ৮ উইকেটের জয়ে বড় অবদান রাখেন ফিলিপস। ১৭৩ রান তাড়ায় অর্ধ ডজন ছক্কা ও এক হালি চারে ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে তিনটি ক্যাচও ধরেন দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত ফিলিপস। সঙ্গে এক ওভার করে উইকেট না পেলেও রান দেন শুধু ছয়। সব মিলিয়ে, ম্যাচ সেরার পুরস্কার ওঠে তাই তারই হাতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয়বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হলেন ফিলিপস। নিউ জিল্যান্ডের হয়ে তার চেয়ে বেশিবার এই স্বীকৃতি পাননি কেউ। দুইবার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ইয়ান বাটলার, মার্টিন গাপটিল, দুই ভাই ব্র্যান্ডন ম্যাককালাম ও ন্যাথান ম্যাককালাম, টিম সাইফার্ট ও কেন উইলিয়ামসন। আর টি-টোয়েন্টিতে এনিয়ে নবমবার ম্যাচ সেরা হলেন ফিলিপস। নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশিবার এই সম্মাননা পেয়েছেন শুধু একজন-গাপটিল। ১২২ ম্যাচ খেলে ১০বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন সাবেক ওপেনার। ৯২ ম্যাচ খেলেই তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফিলিপস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত