
গত ২০২২-২৩ মৌসুমে খেলে যাওয়া ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে ফিফা থেকে নিষেধাজ্ঞা পেয়েছিল মোহামেডান। অবশেষে সেটি তুলে নেওয়া হয়েছে। আগে ফিফার চিঠি অনুসারে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি মিডফিল্ডার মেইসাম। তাই বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে মোহামেডানের নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যা আগামী টানা তিনটি ট্রান্সফার উইন্ডোতে কার্যকর থাকার কথা ছিল। এখন ইরানি ফুটবলারকে ৫ কিস্তিতে ৪৫ হাজার ডলারের মতো দিতে হচ্ছে। এরই মধ্যে এক কিস্তি দেওয়া হয়েছে। তাই ফিফা থেকে নিষেধাজ্ঞাও উঠে গেছে।
মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব আলোকিত বাংলাদেশকে বলেছেন, ‘ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার চিঠি এসেছে। ইরানি ফুটবলারের সঙ্গে সমস্যার সমাধান হয়েছে। ৫ কিস্তিতে টাকা দেওয়া হচ্ছে। তবে সামনে কী হবে জানি না। এখনও দেশি-বিদেশি খেলোয়াড় ও কোচদের বেতন বাকি আছে।’