
অস্ট্রেলিয়ার তিনটি শহরের পাঁচটি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬। এশিয়ার সেরা নারী ফুটবল দলগুলোর মর্যাদাপূর্ণ এই আসরে অংশ নিতে এরইমধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। এমন বড় মঞ্চে খেলার রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। তবে বসে নেই ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারও। শেষ মুহূর্তের অনুশীলনে ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার দিকে বাড়তি নজর দিচ্ছেন তিনি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিচ্ছেন প্রীতি-আফঈদারা। দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য। এর মধ্যেই রুদ্ধদ্বার একটি প্রীতি ম্যাচ খেলেছে দল। সেখানে যে ভুল-ত্রুটিগুলো কোচের নজরে পড়েছে, সেগুলো নিয়ে কাজ চলছে আঁটঘাট বেঁধে। গতকাল শনিবার জুবিলি স্টেডিয়ামে অনুশীলনে এ দিকটায় বাড়তি গুরুত্ব দিয়েছেন পিটার জেমস বাটলার। কারণ মাঠের লড়াই শুরুর অবশ্য খুব দেরি নেই। আগামী মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ার নারী ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার হাতছানিতে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত খেলোয়াড়রা। অনুশীলনে ঘাম ঝরানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভি আকন্দ প্রীতির কণ্ঠেও, ‘যদি আমি খেলার সুযোগ পাই, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে এসেছে, খেলবে, তো এটা ভালো লাগারই কথা। অনুশীলন সেশনে যা আমাদের ভুল-ত্রুটি হয়, তা শুধরে দেন কোচ।’
প্রীতি আরও বলেন, সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের পরের অনুশীলনে খুটিয়ে খুটিয়ে তাদের চর্চা পরখ করছেন কোচ বাটলার। তার কথা, ‘আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি হচ্ছে। সিডনিতে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছি। তো ওখানে যা ভুল-ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরাই দেওয়ার চেষ্টা করেছেন।’ জানা গেছে, সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। মেয়েদের ফিজিও ইস্যুতে কিছুটা ছন্দপতনে পড়ে বাংলাদেশ। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়া এসে ঝামেলায় পড়ে লাল সবুজের দল। পরে অবশ্য অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে দিয়ে সেই শূণ্যতা পূরণ করে বাংলাদেশ। সৌরভী আকন্দের কথায়, ‘নতুন ফিজিওর সঙ্গে মানিয়ে নিতে কোনো কষ্ট হচ্ছে না। সবাই মানিয়ে নিতে পারছি।’
গতকাল শনিবার সকালে অনুশীলনে ঘাম ঝরানোর পর দলের অন্যতম ফরোয়ার্ড সৌরভি আকন্দের কণ্ঠে ঝড়ে পরল লড়াইয়ের সংকল্প, ‘যদি আমি খেলার সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, এটা ভালো লাগারই কথা। সব দিক দিয়েই ট্রেনিং সেশনে যা আমাদের ভুল-ত্রুটি হয় সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে।’
তবে ডিফেন্ডার শিউলি আজিমের কণ্ঠে তাই মাঠ নিয়ে ফুটে উঠল আক্ষেপ। ‘এখানকার সুযোগ-সুবিধা সব ভালো। বিশেষ করে মাঠের কথা বলব। মাঠ কতটা ভালো, বলে বোঝানো যাবে না। আমাদের দেশে এমন মাঠ থাকলে হয়তো আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম আমরা। আমাদের দেশের তুলনায় এ দেশের সব মাঠই ভালো।’ আগামী মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরুর আগে ওই প্রীতি ম্যাচের ভুলগুলো শুধরে নিতে দল বাড়তি মনোযোগ দিচ্ছে বলে জানালেন দুটি নারী সাফ জয়ী এই ডিফেন্ডার। ‘আশা করি, আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারব। আমরা এখানে আসার পর একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে, সেখানে যে ঘাটতি আর ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কোচ কাজ করছেন।’
সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দাপুটে পথচলায় দারুণ ভূমিকা ছিল রক্ষণভাগের। চার ম্যাচে মাত্র দুই গোল হজম করেছিল দল। এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে রক্ষণভাগকে দিতে হবে অগ্নিপরীক্ষা। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচের অভিজ্ঞতা টেনে শিউলি জানালেন পরীক্ষায় ভালো করার আশাবাদ। ‘মেয়েদের বিশ্বকাপে খেলা একটি দেশের (অস্ট্রেলিয়া) ক্লাব দলের বিপক্ষে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাওয়া আমাদের জন্য ছিল দারুণ অভিজ্ঞতা। রক্ষণভাগের যে ভুলগুলো ধরা পড়েছিল, গত কয়েক দিনের অনুশীলনে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি আমরা।’