ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মেক্সিকো যাচ্ছে ফিফা প্রতিনিধি

মেক্সিকো যাচ্ছে ফিফা প্রতিনিধি

মেক্সিকোতে চলমান অস্থিরতায় দেশটিতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিও শেইনবাউম জানিয়েছেন বৈশ্বিক আসরকে ঘিরে নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত বিষয়গুলো যাচাই করতে দেশটিতে শিগগিরই সফরে করবেন ফিফার প্রতিনিধি দল। গত রোববার সেনাবাহিনীর অভিযানে নিহত হন মেক্সিকোর প্রভাবশালী ড্রাগ লর্ড নেমেসিও ওসেগেরা। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে সহিংসতা। আর তাতে সেখানে বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শুরু হয় আলোচনা। ওই অভিযান ও পরবর্তীতে তৈরি হওয়া অরাজকতায় ৭০ জন প্রাণ হারিয়েছে বলে খবর। বিভিন্ন রাজ্যে কার্টেল সদস্যদের রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে, হালিস্কো রাজ্যে, যে অঞ্চলের গুয়াদালাহারায় বিশ্বকাপের চারটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে বিশ্বকাপ আয়োজন নিয়ে মেক্সিকোর ওপর এখনই ভরসা হারাচ্ছে না ফিফা। মেক্সিকোর প্রেসিডেন্ট শুক্রবার জানিয়েছেন, আগের দিন তাকে ফোন করে আয়োজক দেশ হিসেবে মেক্সিকোর ওপর পূর্ণ আস্থা থাকার কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ‘তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, বিশ্বকাপ আমাদের দেশেই হবে। কিছু বিষয় পর্যালোচনা করার জন্য ফিফার একটি দল অবশ্যই এখানে আসার ব্যাপারে আমরা একমত হয়েছি। দীর্ঘদিন ধরে আমরা এনিয়ে (বিশ্বকাপ) কাজ করছি, তবে নিরাপত্তার বিষয়টিও অবশ্যই গুরুত্বপূর্ণ।’

কবে নাগাদ মেক্সিকো সফরে যাবেন ফিফা প্রতিনিধি দল, সেটা নিশ্চিত করতে পারেননি শেইনবাউম। ‘তাকে বলেছি, রোববারের ঘটনাটি বিশেষ পরিস্থিতি ছিল এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। দীর্ঘদিন ধরে বজায় থাকা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে, তাই তারা নিশ্চিত থাকতে পারেন।’ শেইনবাউম পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বললেও, বাস্তবে গুয়াদালাহারায় নিরাপত্তা ঝুঁকি এখনও রয়েছে। ওই জায়গার কাছাকাছি আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ডাইভিং বিশ্বকাপ বাতিল করেছে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডায় হবে টুর্নামেন্টটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত