ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বুলবুল ফিরলেন, এবার মাঠে ফিরবে ক্রিকেট?

বুলবুল ফিরলেন, এবার মাঠে ফিরবে ক্রিকেট?

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত শনিবার দিবাগত মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। গতকাল রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ বুলবুল। পরবর্তীতে বোর্ড পরিচালকদের সাথে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যান এবং খেলোয়াড়দের অনুশীলন সেশন পর্যবেক্ষণ করেন বুলবুল। এসময় প্রধান কোচ ফিল সিমন্স এবং ক্রিকেটারদের সাথে আলোচনাও করেন তিনি। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বর্তমানে ফিটনেস ক্যাম্পের মধ্যে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর স্কিল ভিত্তিক অনুশীলন শুরু করবেন তারা।

তার দেশে ফেরার মধ্য দিয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠছে এবার ক্রিকেট কী ফিরবে? ক্রিকেটের ভরা মৌসুমে এই সময়ে মাঠে গড়ানোর কথা দেশের ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু দেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের রেষারেষিতে ঢাকা লিগ এখন আতুড়ঘরে! এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের লিগ ছিল ছন্নছাড়া। ৫০টিরও বেশি ক্লাব বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্রিকেট পুরোটাই এখন বোর্ড কেন্দ্রিক হয়েছে। ফলে মাঠের ক্রিকেটের কোনো উত্তাপই এখন টের পাওয়া যাচ্ছে না। কার্যত অকার্যকর হয়ে গেছে সিসিডিএম, যারা ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক।

কমিটির চেয়ারম্যান আদনান দীপন কোথায় আছেন জানে না তার কমিটির সদস্যরা। সিসিডিএমের এক কর্মকর্তা বলেছেন, ‘এখন পুরোদমে ক্রিকেট মৌসুমে ঢাকা লিগ চলার কথা। অথচ আমাদের পুরো বিভাগ অলস সময় কাটাচ্ছি। বোর্ডের সব বিভাগ ক্রিকেট নিয়ে ব্যস্ত। আমরা বসে আছি।’ ঢাকা লিগ ফেরানোর তেমন উদ্যোগ নিতে পারেনি বিসিবি। বিদ্রোহ করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারেনি। পরিস্থিতি অনুকূলে আনার জন্য বিসিবি ক্লাবগুলোকে নমনীয় হওয়ার কথা বলছে।

বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘যে কোনো ধরনের বিরোধ বা দ্বন্দ্ব থাকতেই পারে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, খেলাকে কখনোই সেই বিরোধের জিম্মি করা উচিত নয়। খেলাটা খেলাই থাকুক, সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য। অন্য কোনো সমস্যা বা ডিসপিউট থাকলে, সেগুলো আলাদাভাবে বসে সমাধান করা উচিত।’ ক্লাবগুলোকে ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি, ‘আমার পরিষ্কার মতামত হলো, খেলার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িয়ে ফেলা ঠিক নয়। ক্লাবগুলোর প্রতিও আমার অনুরোধ থাকবে, এটা খেলোয়াড়দের পেশা, তাদের আয়ের প্রধান উৎস। শুধু বিপিএল নয়, বিভিন্ন লিগে খেলেই তারা জীবিকা নির্বাহ করে। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়, প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং লিগটি স্বাভাবিকভাবে আয়োজন করা খুবই জরুরি।’

এবারে ঢাকা লিগ ছিল খুবই গুরুত্বপূর্ণ। হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে এ বছর ১৯ ওয়ানডে খেলবে বাংলাদেশ। ঢাকা লিগই একমাত্র ৫০ ওভারের ফরমেট যেটা দিয়ে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেন। অথচ সেই লিগ এখনও মাঠে গড়াতে পারেনি আমিনুলের বোর্ড। শুধু ক্লাবের নয়, ক্রিকেটারদেরও বোর্ডকে নিয়ে আছে অনাস্থা। তাইতো জাকের আলী অনিক ফেসবুকে নিজের হতাশা প্রকাশ করেন এভাবে, ‘আগে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত