
মহাদেশীয় ফুটবল সংস্থার আদেশ বা মরক্কোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি-কিছুতেই নিজেদের অবস্থান থেকে সরেনি সেনেগাল। তুমুল বিতর্কিত সিদ্ধান্তে কেড়ে নেওয়া হয়েছে শিরোপা। তবে ট্রফি তো এখনও সেনেগালের কাছেই! সেই ট্রফি নিয়েই এবার সমর্থকদের সঙ্গে উদযাপন করল ফুটবলার, কোচিং স্টাফ, ফেডারেশনের কর্মকর্তারাসহ গোটা দল। গত শনিবার প্যারিসে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকান কাপ অব নেশন্সের ট্রফি প্রদর্শনীর সেই বিশেষ আয়োজন ছিল সেনেগালের। ম্যাচপূর্ব সেই উদযাপনে অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে মাঠে নেমে ট্রফির প্রদর্শনী করেন ফুটবলাররা। কোচ পাপ চাও ও কোচিং স্টাফের অন্যরাসহ গোটা দল পুরো মাঠ প্রদক্ষিণ করে ট্রফি নিয়ে। গ্যালারি ভরা দর্শক উন্মত্ত চিৎকার ও গর্জনে অভিনন্দন জানায় দলকে।
সেনেগালের ফুটবল অ্যাসোসিয়েশন আগেই ঘোষণা করেছিল যে, প্যারিসে এই ম্যাচের আগে সমর্থকদের সামনে ট্রফি প্রদর্শন করা হবে।
প্যারিসে উল্লেখযোগ্য সংখ্যক সেনেগালিজ প্রবাসী রয়েছে। ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে ট্রফি উৎসবের পূর্ণতা দেয় সেনেগাল। এই ট্রফি অবশ্য তারা কতদিন নিজেদের কাছে রাখতে পারবেন, সেই প্রশ্ন থাকছে। গত ১৮ জানুয়ারি রাবাতে আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অতিরিক্ত সময়ের গোলে স্বাগতিক মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে সেই ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে প্রতিবাদে সরব হয়ে গোটা দলকে মাঠ ছাড়ে বলেন সেনেগালের কোচ পাপ চাও। সেই ঘটনায় খেলা বন্ধ থাকে ১৫ মিনিটের মতো। ফাইনালের ২ মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া হয় এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
সেনেগাল অবশ্য সিদ্ধানত মেনে নেয়নি, বরং সিদ্ধান্তটির বিরুদ্ধে ‘ক্রুসেড’ ঘোষণা করেছে তাদের ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি সম্প্রতি বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে জঘন্য ও অন্যায্য প্রশাসনিক ডাকাতির’ শিকার হয়েছে তার দল এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, খেলোয়াড়দের ‘সম্মান’ রক্ষায় তারা সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) পর্যন্ত যাবেন। চ্যাম্পিয়ন হিসেবে পুনর্বহাল হওয়ার জন্য সেনেগালের আপিলটি এই সপ্তাহে সিএএস-এ নথিভুক্ত করা হয়েছে। তবে রায়ের জন্য এই সম্ভাব্য দীর্ঘ প্রক্রিয়ার কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সেনেগাল সরকার এই আপিলের প্রতিশ্রুতি দিয়েছে এবং সিএএফ-এর অভ্যন্তরে ‘সন্দেহজনক দুর্নীতি’ নিয়ে একটি আন্তর্জাতিক তদন্তেরও আহ্বানও জানিয়েছে।
সিএএস-এ করা কোনো আপিলের শুনানির তারিখ নির্ধারণ করতে সাধারণত কয়েক মাস এবং রায় ঘোষণা করতে আরও কয়েক সপ্তাহ বা মাস লেগে যায়। তবে সেনেগালের আইনজীবীরা সিএএসকে অনুরোধ করবেন একটি দ্রুততর প্রক্রিয়া শুরু করার জন্য এবং তারা আশা করছেন যে, মরক্কোর ফেডারেশন ও সিএএফ এতে সম্মত হবে, যাতে দুই মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করা যায়। সেনেগালের আইনি দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখনও নিজেদের আফ্রিকার চ্যাম্পিয়ন মনে করে। পেরুর বিপক্ষে এই ম্যাচের আগের দিন কোচ পাপ চিয়াও ঘোষণা করেছেন, ‘আমরাই আফ্রিকার চ্যাম্পিয়ন।’ ট্রফি উৎসবে এ দিন নতুন নকশার জার্সি পরে মাঠে নামে গোটা দল, যেখানে তাদের ব্যাজের ওপরে খচিত ছিল দুটি তারকা। ২০২১ আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল।