ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঘাম ঝরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

এশিয়ান গেমসের হকির বাছাই
ঘাম ঝরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

শুরু থেকে জয়ের পথে থাকা বাংলাদেশের আকাশে হঠাৎই জমে উঠল শঙ্কার মেঘ। শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরে ম্যাচের ভাগ্য চলে যায় শুট আউটে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হংকংকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসের বাছাইপর্বে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-হংকং ম্যাচটি নির্ধারিত সময়ে ৪-৪ গোলের সমতায় শেষ হয়। টাইব্রেকারে রীতিমতো ত্রাতার ভূমিকায় হাজির হন বাংলাদেশ গোলকিপার বিপ্লব কূজর। প্রতিপক্ষের তিনটি শট থামিয়ে দেন তিনি। আগামী সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এবার ৯ দলের বাছাইপর্বে শীর্ষ ছয় দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আজ জয় পাওয়ায় অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

একই দিন থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কেটেছে চায়নিজ তাইপে। তাদের বিপক্ষে আগামীকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে আগের পাঁচ সাক্ষাৎতে সব কটিতে জয় পায় বাংলাদেশই। সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান গেমস হকির বাছাইপর্বেও বাংলাদেশের কাছে ৫-১ গোলে হারে হংকং। র‍্যাংকিংয়ে পার্থক্যটা ছিল অনেক। হংকংয়ের চেয়ে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশ। তাই ব্যাংককে গতকাল ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল আশিকুজ্জামানের দল। থাইল্যান্ডের ব্যাংককে রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে বাংলাদেশের শুরুটা ভালো হলেও হংকংও ছেড়ে কথা বলেনি। প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দুই গোল আদায় করে বাংলাদেশ। ১১ মিনিটে রাকিবুল হাসান করেন ফিল্ড গোল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। এর চার মিনিট পরই এক গোল শোধ করে হংকং।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে রীতিমতো হতাশায় ডোবায় হংকং। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে দলকে সমতায় ফেরান হংকংয়ের ইশতিয়াক আহমেদ। যদিও বাঁচামরার ম্যাচে বাংলাদেশও দমে যায়নি। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে স্কোর ৩-২ করেন আশরাফুল ইসলাম। ৪৬ মিনিটে হংকংয়ের কুলদীপ সিং গোল করলে ম্যাচে আবার ৩-৩ সমতা হয়। তবে এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ।

এই সুযোগ হাতছাড়া করেননি আশরাফুল। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে চতুর্থ গোলটিও এনে দেন। ৪-৩ গোলে এগিয়ে গিয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি বাংলাদেশ। ৪৮ মিনিটেই চতুর্থ গোল করে স্কোর ৪-৪ করে নেয় হংকং। শেষ পর্যন্ত এই সমতায় শেষ হয়েছে ৬০ মিনিটের খেলা। চায়নিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই পথ হারায়। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে আট ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর পর হারে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। তাতে ‘বি’ গ্রুপে তৃতীয় হওয়ায় পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে অংশ নিতে হচ্ছে আশরাফুল-আমিরুলদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত