ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জয় বাংলাদেশের

এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন
শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জয় বাংলাদেশের

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ জিতেছে ছেলেদের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। এর ফলে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠেয় আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় প্রতিযোগিতাটি শুরু হয়েছিল গত বুধবার। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং তাতে স্বর্ণ পদক নিশ্চিত হয়েছে। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিনটি দলই সমান ৫ পয়েন্ট পেলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান পেয়েছে বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে হারান। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন।

শেষ দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণ। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ অর্জনের কৃতিত্ব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, স্পন্সর এবং ক্রীড়াবান্ধব সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায় এবং প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও খেলোয়াড়রা দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে অনূর্ধ্ব ১৯ ছেলেদের দল স্বর্ণ জিতেছিল। তখন স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ ইকবাল এবং আবুল হাসেম হাসিব। ২০২৩ ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ জেতে রুপা। গত বছর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছিল।

অন্যদিকে, এবার অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে হেরেছে। তাদের শেষ ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছে। তাদেরও শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরেছে। এই বিভাগে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি বাংলাদেশের।

উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক পেয়েছিল। প্রতিযোগিতা শেষ হবে আগামীকাল শনিবার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত