ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৯ উইকেট নিয়ে ব্রাজিল পেসারের বিশ্বরেকর্ড

৯ উইকেট নিয়ে ব্রাজিল পেসারের বিশ্বরেকর্ড

ক্রিকেট বিশ্বের সব সমীকরণ ওলটপালট করে দিয়ে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলের নারী ক্রিকেটার লরা কার্ডোসো। পুরুষ বা নারী, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অনন্য কীর্তি স্থাপন করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিসিএ কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে তিন ওভারে স্রেফ ৪ রানে ৯ উইকেট শিকার করেন ব্রাজিলের কার্দোসো। এক পর্যায়ে হ্যাটট্রিকসহ সাত বলের মধ্যে ৬ উইকেট নেন তিনি। প্রথম দুই ওভারে কোনো রান না দিয়ে নেন ৭ উইকেট। এই অতিমানবীয় স্পেলের পথে কার্ডোসো পেছনে ফেলেছেন ভুটানের সোনম ইয়েশেকে, যিনি ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়ে পুরুষ টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছিলেন।

অন্যদিকে, নারী টি-টোয়েন্টি ক্রিকেটে আগের সেরা ফিগারটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার (৭/০), যা কার্ডোসো অনায়াসেই ছাড়িয়ে গেলেন। ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ব্রাজিল বড় সংগ্রহের ভিত্তি গড়ে তোলে। রবার্টা অ্যাভেরি (৩৫ বলে ৪৮) এবং মনিক মাচাডোর (৪১ বলে অপরাজিত ৬৯) ঝড়ো ব্যাটিংয়ে ২০২ রানের বিশাল পুঁজি পায় ব্রাজিলিয়ান নারীরা। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লেসোথো লরা কার্ডোসোর বোলিং তোপের মুখে পড়ে দিশেহারা হয়ে যায়। ম্যাচের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করে নিজের তাণ্ডব শুরু করেন কার্ডোসো। এরপর চতুর্থ ওভারে আরও চারটি উইকেট তুলে নিয়ে ব্যক্তিগত ঝুলিতে ৭ উইকেট পূর্ণ করেন তিনি। নিজের শেষ তথা ষষ্ঠ ওভারে আরও দুটি উইকেট নিয়ে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৯ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই পেসার। লেসোথোর ইনিংসের শেষ উইকেটটি নেন মারিয়ান আর্তুর। মাত্র ৬.২ ওভারে ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো, যার ফলে ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত