
টেস্ট ক্রিকেটে বিদেশের মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি এসেছে অস্ট্রেলিয়ায়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অজিদের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের হাতছানি। আরও বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে সে পথের শেষ বাধা মাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। আজ এই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ থেকে ভালো ফলাফল বের করে আরও এক নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন টাইগাররা।
ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে চার দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। দ্বিতীয় টেস্টে জয় পেলে কিংবা ড্র করতে পারলে আরেকটি বিরাট কীর্তি গড়বে তারা। বাংলাদেশের মিলবে যেকোনো সংস্করণের ক্রিকেটে অজিদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ। এই ম্যাচ দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ড ভীষণ উজ্জ্বল। ১৮৮৭ সালে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হারার পর নিজেদের মাঠে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে আর হোয়াইটওয়াশ হয়নি তারা। বাংলাদেশের সামনে তাই রয়েছে গত ১৩৯ বছরে যা ঘটেনি, তা করে দেখানোর হাতছানিও। ম্যাকাই টেস্টে হার এড়ালে অস্ট্রেলিয়ার মাটিতে তো বটেই, অজিদের বিপক্ষেও এটি হবে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আর যদি জয় মেলে, তবে ওয়েস্ট ইন্ডিজ (২০০৯) ও পাকিস্তানের (২০২৪) পর এটি হবে বিদেশের মাটিতে কোনো সিরিজে টাইগারদের টানা দুটি টেস্ট জয়ের মাত্র তৃতীয় ঘটনা।
তবে এই ম্যাচটি শান্তর দলের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ডারউইনে হারের পর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়া তাদের গৌরব ফিরে পেতে মরিয়া হয়ে থাকবে। পাশাপাশি প্রথম টেস্টে হারকে নিছক একটি দুর্ঘটনা হিসেবে প্রমাণ করতে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা বিলিয়ে দেবে তারা।
লাল বলের এই ম্যাচের আগে আলোচনায় এসেছে ম্যাকাইয়ের উইকেট ও আবহাওয়া। কন্ডিশন বিবেচনায় দলের পাঁচ পেসার ও দুই স্পিনারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতকাল শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই রেডি আছে (ম্যাচ খেলতে), ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’ ডারউইনে পাওয়া জয় ম্যাকাই টেস্টেও বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন শান্ত। তবে আগের ম্যাচের ফল নিয়ে পড়ে না থেকে নতুন কন্ডিশনে মানিয়ে নেওয়ার ওপরই গুরুত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশের অধিনায়ক বলছিলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি।
দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’
ডারউইনের জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখলেও সেটিকে আঁকড়ে পড়ে থাকতে চান না শান্ত। ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নতুনভাবে শুরু করার প্রত্যাশা তার। তিনি বলেন, ‘ডারউইনের জয় এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি এগুলো আলাপ হয়েছে। আশা করি প্লেয়াররা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’ ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের আবহাওয়ায় পার্থক্যও রয়েছে। এখানকার ঠাণ্ডা ও বেশি বাতাসকে বোলিংয়ের ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ দেখছেন শান্ত। দুই দিনের অনুশীলনে ক্রিকেটাররা কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
শান্ত বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু ভিন্ন। সেখান (ডারউইন) থেকে একটু ভিন্ন আছে, এখানে একটু বেশি ঠাণ্ডা, বাতাসও একটু বেশি।
আমার মনে হয় দুই দিনে অনুশীলন করে প্লেয়াররা ভালো আইডিয়া পেয়েছে ফলে প্রস্তুতি ভালো হয়েছে। বাতাস কাজে লাগাতে পারলে বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।’ ডারউইনে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এবার ম্যাকাইয়ে সিরিজের শেষ ম্যাচে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, পেসারদের কার্যকর ব্যবহার এবং ব্যাটিংয়ে দায়িত্বশীলতার ওপরই ম্যাচের ফল অনেকটা নির্ভর করবে।
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আমি খেলোয়াড়দের একটি কথাই বলেছি— অস্ট্রেলিয়া এবার আরও শক্তভাবে আমাদের ওপর চড়াও হবে। তাই আমাদের পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে, অথবা আরও একটু উন্নত করতে হবে।’ তিনি যোগ করেন, ‘দলের সবাইকে দেখে মনে হয়েছে, তারা আবার আগের মতো মনোযোগী ও শান্ত হয়েছে। গত তিন দিনে খেলোয়াড়রা মানসিকভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে। আশা করি, শনিবার সকালে আমরা একদম সঠিক মনোভাব নিয়ে ম্যাচ শুরু করতে পারব।’ ম্যাকাই টেস্টের প্রথম দিনের খেলা শুরু হবে আজ সকাল ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।