
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে ইতিহাসের দরজা খুলেছিল বাংলাদেশ, ম্যাকাইয়ে এবার সেই দরজা পেরিয়ে যাওয়ার পালা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ শনিবার ভোরে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে। একটি জয়েই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে সমতা ফেরানোর শেষ মঞ্চ। ফলে ম্যাকাইয়ের ম্যাচটি দুই দলের কাছেই হয়ে উঠেছে ভিন্ন দুই লক্ষ্যের লড়াই। তবে ম্যাচের আগের দিন বাংলাদেশ শিবিরে ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় এসেছে চোট। গত বৃহস্পতিবার অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
একই অনুশীলনে ঘাড়ের ব্যথার কারণে ব্যাটিং করতে পারেননি তানজিদ হাসান তামিম। শুক্রবার সকালে তামিমের আঙুলে স্ক্যান করানো হয়। এরপর অবশ্য অনুশীলনে নেমে ব্যাটিং করেছেন তিনি। শেষ দিনের অনুশীলন তাই কিছুটা স্বস্তিই দিয়েছে বাংলাদেশকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিকও ঠিক আছেন। তবে তামিমকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। শান্ত বলেন, ‘মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।’ তামিমের পরিস্থিতি নিয়ে শান্ত আরও বলেন, ‘আইডিয়া তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো আইডিয়া হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ তামিম না খেললে)।’ তামিমের ব্যাটিংয়ে ফেরা যেমন স্বস্তি দিয়েছে, তেমনি তার না থাকলেও বিকল্প পরিকল্পনা তৈরি রেখেছে বাংলাদেশ। সিরিজের সমীকরণ যেখানে এক ম্যাচে নির্ধারিত হতে পারে, সেখানে একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকাই স্বাভাবিক। ম্যাকাইয়ের কন্ডিশনও বাংলাদেশের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাতাসের কারণে পেসাররা সুইং আদায় করে নিতে পারেন বলে মনে করছেন শান্ত। তার ভাষায়, ‘বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই তাদের জন্য ভালো সুযোগ থাকবে।’ এদিকে চোট কাটিয়ে দলে ফেরা শরিফুল ইসলামও প্রস্তুত। তার পারফরম্যান্স নিয়ে আশাবাদী অধিনায়ক। শান্ত বলেন, ‘শরিফুল ভালো আছে সুস্থ আছে। ভালো বোলিংও করছে। আশা করি যদি তার সুযোগ আসে সে ভালো করবে।’ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবার সেই আত্মবিশ্বাসকে সিরিজ জয়ে রূপ দেওয়ার পালা। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই হলেও বাংলাদেশের সামনে আরও বড় অর্জনের হাতছানি। ম্যাকাইয়ে তাই শুধু আরেকটি টেস্ট নয়, বাংলাদেশের জন্য এটি ইতিহাসকে আরও একটু এগিয়ে নেওয়ার সুযোগ!