
এশিয়া কাপে অভিষিক্ত ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় জয় প্রত্যশিতই ছিল। অনুমিত সেই ফলাফলই মিলেছে। তবে বাংলাদেশের পুরোনো সমস্যাও রয়ে গেছে। ব্যাটিংয়ে আবার ভুগেছে দল। বড় জয় ধরা দিয়েছে মূলত বোলারদের দারুণ পারফরম্যান্সে।
ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে উইমেন'স এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। দুবাইয়ে গত সোমবার বাংলাদেশ ২০ ওভারে তোলে ১২৯ রান।
ইন্দোনেশিয়া গুটিয়ে যায় স্রেফ ৫৮ রানে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে বরাবরেই দুর্বলতাই ফুটে ওঠে আরও একবার।
প্রথম ওভারে বেশ সুইং ও মুভমেন্ট আদায় করে নেন ইন্দোনেশিয়ার পেসার নি মাদে পুত্রি সুয়ানদেউয়ি।
তবে এর ফাঁকেই দুটি আলগা বল পেয়ে বাউন্ডারি মারেন জুয়ারিয়া ফেরদৌস। পরের ওভারে দারা মারামিতাকে দুটি বাউন্ডারি মারেন দিলারা আক্তার। সুয়ানদেউয়ির বিশাল সুইংয়েই ধরা দেয় প্রথম উইকেট। আলতো ড্রাইভে ক্যাচ দেন জুয়ায়রিয়া (৮)।
এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়ে উঠলেও ইন্দোনেশিয়ার আঁটসাঁট বোলিংয়ে রানের গতি বাড়েনি বেশি। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পারে স্রেফ ৩২ রান। ১০ ওভারে আসে মাত্র ৫৮। ৪০ রানের জুটি ভাঙে দিলারার বিদায়ে। আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিতি থাকলেও তার ২৭ রান আসে ৩১ বলে।
নিগার সুলতানাও টিকতে পারেননি বেশিক্ষণ। অভিষিক্ত লেগ স্পিনার সোফিয়া ভেলিচের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় বাংলাদেশ অধিনায়ক আউট হন ১১ বলে ১০ করে।
এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে তোলার চেষ্টা করেন তিনে নামা সোবহানা আক্তার। সে চেষ্টাও খুব বেশি সফল হয়নি। লম্বা সময় টিকে সময় টিকে থাকা সোবহানা সীমানায় ধরা পড়েন ফুল টস বলে। ৪২ বল খেলে করতে পারেন তিনি ৪০ রান।
এরপর রান যা হয়েছে, তা কেবল স্বর্ণার ব্যাটেই। তার পরের পাঁচ ব্যাটার মিলে রান করেন মোটে সাত। তিনটি চার ও এক ছক্কায় স্বর্ণা অপরাজিত থাকেন ১৮ বলে ৩১ রান করে। মূলত তার সৌজন্যেই ১৩০ রানের কাছাকাছি যেতে পারে বাংলাদেশ। প্রত্যাশিত স্কোর না পেলেও মোটামুটি নিশ্চিতই ছিল, এই স্কোরের ধারেকাছে যেতে পারবে না ইন্দোনেশিয়া। হয়েছেও সেরকমই। নতুন বলে জোড়া ছোবল দেন মারুফা আক্তার। এরপর নাহিদা আক্তার ও অন্য বোলাররা মিলে চেপে ধরেন ইন্দোনেশিয়ার ব্যাটারদের।
ওপেনার মারিয়া কোরাজন ১২ রান করেন। আর কোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেনি। ম্যাচ নিয়ে তাই কোনো রোমাঞ্চও জমেনি।
বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৮ (জুয়ায়রিয়া ৮, দিলারা ২৭, সোবহানা ৪০, নিগার ১০, স্বর্ণা ৩১*, রিতু ০, ফাহিমা ৫, রাবেয়া ১, নাহিদা ০, মারুফা ১*; সুয়ানদেউয়ি ৩-০-১৩-১, পারামিতা ৩-০-১৯-০, মেপ্রিয়ানি ৪-০-২৭-০, আরিয়ানি ৪-০-২৮-৩, ভেলিচ ৩-০-২১-১, লুহ দেউয়ি ৩-০-২১-২)।
ইন্দোনেশিয়া: ১৭.৩ ওভারে ৫৮ (কোরাজন ১২, পাঙ্গেস্তুতি ৯, লুহ দেউয়ি ৯, সাকারিনি ২, রাদা ৪, উলানদারি ৭, সুয়ানদেউয়ি ৩, ভেলিচ ৪, আরিয়ানি ২, মেপ্রিয়ানি ১*, পারামিতা ৩; মারুফা ৩-১-৬-২, মেঘলা ৩-১-১১-১, রাবেয়া ২.৩-০-১০-০, নাহিদা ৪-০-১৫-৩, ফাহিমা ৩-০-৯-১, স্বর্ণা ২-০-৩-০)।
ফল: বাংলাদেশ ৭১ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার।