
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তাতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। এভাবে তার বিদায় সম্ভবত কেউ কল্পনা করেনি। দেশের কিংবদন্তিকে তাই প্রাপ্য সম্মান দিয়ে বিদায় বলতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলে মেসির অধ্যায় শেষ হয়েও হয়নি শেষ। আগামী ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা একটি বিশেষ ম্যাচ আয়োজন করে তাকে বিদায় সংবর্ধনা দিতে চায়।
কোনো কিছু এখনও চূড়ান্ত নয়। এএফএ আগে নিশ্চিত হতে চায়, মেসি নিজে আরেকটি ম্যাচ খেলতে চান কি না। তবে সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে। পরিকল্পনা কার্যকর হলে আর্জেন্টাইন সমর্থকরা ঘরের মাঠে তাদের সেরা খেলোয়াড়কে 'গুডবাই' বলার সুযোগ পাবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এই সময়ে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ খেলার আশা করছে ফেডারেশন। কোনো কোনো প্রতিবেদনে এসেছে, তিনটি বা চারটি ম্যাচও খেলতে পারে আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষ, দিনতারিখ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।