
বাংলাদেশে উশুর প্রসার এবং বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শুরু হচ্ছে '৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬'। আজ সকাল সাড়ে ১০টায়, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রতিযোগিতার। বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে এতে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা লি শাওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। এর আগে ২০২৫ সালের সপ্তম আসরে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিভিন্ন জেলার ১৭টি দল অংশ নেয়। সেবার সার্ভিসেস বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা ও ক্লাব বিভাগে চট্টগ্রাম উশু একাডেমি চ্যাম্পিয়ন হয়। এবারের আয়োজনেও ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও উশুপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত উদ্বোধনের প্রত্যাশা করছে আয়োজকরা।