
উত্তর কোরিয়ার কাছে ধাক্কার পর এশিয়ান গেমসে এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে তিনবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক ফুটবলে সেটাই বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় ব্যবধানে হার। ম্যাচের প্রথমার্ধেই সাত গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ নিয়েও ম্যাচের আগে ছিল আলোচনা। দলের অন্যতম অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাসহ ছয় নিয়মিত খেলোয়াড়কে একাদশের বাইরে রেখেছিলেন কোচ পিটার বাটলার। তরুণদের নিয়ে সাজানো সেই একাদশ শুরু থেকেই উত্তর কোরিয়ার গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। রক্ষণে একের পর এক ভুলের সুযোগ নিয়ে প্রথম ৪৫ মিনিটেই সাতবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়া।
১০ গোলের সেই ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। তবে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াও এশিয়ার নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দল। ফলে বাংলাদেশের জন্য ম্যাচটি সহজ হওয়ার সুযোগ নেই। সবচেয়ে বেশি নজর থাকবে বাংলাদেশের একাদশে। উত্তর কোরিয়ার বিপক্ষে বিশ্রামে থাকা ঋতুপর্ণা ও মনিকারা কি ফিরবেন, নাকি কোচ আবারও তরুণদের ওপর আস্'া রাখবেন—সেটিই এখন আলোচনার বিষয়। বড় হারের পর দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য। উত্তর কোরিয়ার বিপক্ষে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে লাল-সবুজের মেয়েরা।