
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেললেও আন্তর্জাতিক ফুটবলে পথচলা এখনই থামছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সি এই তারকাকে নিয়েই নেশন্স লিগের আসন্ন ম্যাচগুলোর জন্য দল সাজিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস। চারটি ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন জেসুস। গত জুলাইয়ে রোনালদো নিশ্চিত করে দেন যে, গ্রীষ্মের আসরই তার শেষ বিশ্বকাপ; তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরিকল্পনা সম্পর্কে এই ফরোয়ার্ড এখনও কিছু জানাননি। পরবর্তী বড় টুর্নামেন্ট, ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর সময় তার বয়স হবে ৪৩ বছর।
পাঁচবারের ব্যালন দ'র জয়ী রোনালদো ১৪৬ গোল নিয়ে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার। কিন্তু অর্জনে সমৃদ্ধ ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা জিততে পারেননি তিনি। পর্তুগালের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য ২০১৬ সালের ইউরো জয়। গত জুন-জুলাইয়ের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এর মধ্য দিয়ে শেষ হয় তখনকার কোচ রবের্তো মার্তিনেসের পর্তুগাল অধ্যায়। বিশ্বকাপ থেকে বিদায়ের তিন দিন পরই দায়িত্ব দেওয়া হয় জেসুসকে। গত মৌসুমে রোনালদোর ক্লাব আল নাস্?রকে সৌদি প্রো লিগের শিরোপা জেতান জেসুস। সেই সফল অধ্যায় শেষে, ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নেন এই পর্তুগিজ কোচ। ৭২ বছর বয়সী জেসুস বেনফিকা ও স্পোর্তিং লিসবনের মতো বেশ কয়েকটি পর্তুগিজ ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রোনালদোকে দলে রাখা নিয়ে সংবাদ সম্মেলনে জেসুস বলেন, "তার পারফরম্যান্সই আসল। অতীত কোনো বিষয় নয়। "ক্রিস (রোনালদো) অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই একজন। ভালো খেললে সে মাঠে নামবে, না খেললে নামবে না। তার অবস্থানটা আলাদা- সে পাঁচটি ব্যালন দ'র জিতেছে, কিন্তু আমার সিদ্ধান্তে কি সেটা কোনো প্রভাব ফেলে? না। তবে সে যে অন্যদের চেয়ে আলাদা, সেই বিষয়টি অবশ্যই বিবেচনায় থাকে।"