
এশিয়ান গেমসের পুরুষ হকিতে হতাশার হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ।
এ-পুলের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে জিমি-রোমান সরকাররা।
গতকাল শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ২০ মিনিট প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত কোরিয়ার আক্রমণের সামনে টিকতে পারেনি বাংলাদেশ। ম্যাচের শুরুতে বেশ গোছানো খেলেছে বাংলাদেশ। প্রথম ২০ মিনিট কোরিয়ার আক্রমণ সামলে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখে তারা।
তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। প্রথমে ফিল্ড গোলে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন বে সং মিন। এরপর একই মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ও সেয়ং। ফলে ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়িয়ে দেয় কোরিয়া। ৩০ মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করেন। মাত্র দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।
শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ব্যবধান কমাতে কয়েকটি আক্রমণও তৈরি করেছিল তারা। তবে কোরিয়ার শক্ত রক্ষণ ভেদ করে গোল আদায় করতে পারেনি জিমির দল। বরং ৫৮ মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান আরও বড় হয়। শেষ পর্যন্ত ৫-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। কোরিয়ার পাঁচ গোলের চারটিই এসেছে ফিল্ড গোল থেকে, অন্যটি পেনাল্টি কর্নার থেকে। এশিয়ান গেমসে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে।