
যুব বিশ্বকাপের সেই স্মরণীয় রাতের পর কেটে গেছে বেশ কয়েক বছর। জাতীয় দলে জায়গা না পেলেও থেমে নেই তার গতি! এবার দেশের গণ্ডি পেরিয়ে নতুন এক মঞ্চে পা রাখতে যাচ্ছেন সেই আকবর আলি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। আসন্ন আসরে উইকেটের পেছনে ও ব্যাট হাতে কর্ণালি ইয়াকসের হয়ে দেখা যাবে তাকে।
তবে আকবরকে দলে নেওয়ার খবরটি গতানুগতিকভাবে জানায়নি কর্ণালি ইয়াকস। সামাজিক যোগাযোগমাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি প্রকাশ করে দেওয়া হয় চমকপ্রদ ইঙ্গিত। ছবিটি প্রকাশের পরই পরিষ্কার হয়ে যায়, নতুন মৌসুমে তাদের দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
টি-টোয়েন্টিতে এরই মধ্যে ৮৬ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে আকবরের। এই সংস্করণে তার সংগ্রহ ১ হাজার ১৮০ রান, স্ট্রাইক রেট ১৩০.৬৭। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি। আকবরের নেতৃত্বেই ২০২০ সালে ইতিহাস গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে আকবরের সেই সাফল্য তাকে দেশের ক্রিকেটে বিশেষ পরিচিতি এনে দেয়।
নেপাল প্রিমিয়ার লিগের এবারের আসরে আকবর একা নন, বাংলাদেশের আরও এক তারকাকে দেখা যাবে। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। এনপিএলের আসন্ন আসরে একই সঙ্গে বাংলাদেশের দুই প্রজন্মের ক্রিকেটারকে দেখা যাবে। আট দল নিয়ে আগামী ১৭ নভেম্বর শুরু হবে এনপিএলের তৃতীয় আসর। ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডেই হবে টুর্নামেন্টের সব ম্যাচ।