
একটি সময় ছিল, বাংলাদেশ নারী ক্রিকেটে টি-টোয়েন্টি মানেই নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে রান, উইকেটের পেছনে গ্লাভস, আর মাঠে দলকে নেতৃত্ব দেওয়া-তিন ভূমিকাতেই দীর্ঘদিন ধরে তাকে দেখা গেছে।
এবার সেই ছবিতে পরিবর্তনের আভাস। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি। তার সামনে এখন ব্যাটার হিসেবে নিজেকে ফিরে পাওয়ার নতুন চ্যালেঞ্জ, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে নতুন অধিনায়ক খোঁজার কাজ! এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশের ৪০ রানের হার এই পরিবর্তনের আবহকে আরও ঘন করেছে।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই বিবর্ণ। অধিনায়ক জ্যোতিও ব্যতিক্রম ছিলেন না। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান। শেষ চারে ভারতের বিপক্ষে ১৭ বলে ১৯ রান করলেও দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যেতে পারেননি।
তবে জ্যোতির সিদ্ধান্তকে শুধু সাম্প্রতিক ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে দেখলে গল্পের একটি বড় অংশ বাদ পড়ে যায়। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তিনি ধরে রেখেছেন ২০২২ সাল থেকে। এই সময়ে বাংলাদেশ যেমন বেশ কিছু ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তেমনি এসেছে কিছু সাফল্যও। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর বিশ্বকাপে জয় পেয়েছিল বাংলাদেশ।