ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফিফায় বড় সংস্কারের দাবি ইউরোপের চার শীর্ষ লিগের

ফিফায় বড় সংস্কারের দাবি ইউরোপের চার শীর্ষ লিগের

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ হলেও সারা বছর ক্লাবগুলোই ফুটবলের ভিত গড়ে তোলে। ক্লাব, খেলোয়াড়, সমর্থক ও ঘরোয়া লিগের সে কাঠামোকে সামনে রেখে ফিফার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি তুলেছে ইউরোপের চার প্রভাবশালী ফুটবল লিগ। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, জার্মানির বুন্দেসলিগা, ইতালির সিরি আ ও স্পেনের লা লিগা যৌথভাবে ফিফার কাছে এই সংস্কারের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফিফার ক্ষমতার ওপর আরও শক্তিশালী ভারসাম্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রয়োজন। চার লিগের দাবির মধ্যে রয়েছে ফিফার সাংবিধানিক ক্ষমতার স্পষ্ট সীমারেখা নির্ধারণ এবং সংস্থাটির নিয়ন্ত্রক ও বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে আরও পরিষ্কার পার্থক্য। তাদের মতে, ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত অংশীজনদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাস্তব ভূমিকা থাকা উচিত।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিশ্ব ফুটবলে আলোচনা ও সমালোচনা বাড়ছে। চলতি বছর ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বাইরের বিনিয়োগ আনার একটি পরিকল্পনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। পরে সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামে ওই উদ্যোগের আওতায় ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা করা হয়েছিল। ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফসহ বিভিন্ন পক্ষ এর বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল করা হয়। চার লিগের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ওই পরিকল্পনা প্রত্যাহার করা হলেও যে পরিস্থিতি থেকে সেটির জন্ম হয়েছিল, সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তাদের মতে, ফিফার কাঠামোয় এমন ব্যবস্থা প্রয়োজন, যাতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত অংশীজনদের মতামত যথাযথভাবে বিবেচিত হয়।

সংস্কারের অংশ হিসেবে একটি স্থায়ী প্রতিনিধিত্বশীল কাঠামো গঠনেরও দাবি জানিয়েছে চার লিগ। সেখানে জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব এবং পুরুষ ও নারী ফুটবলের খেলোয়াড়দের প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তথ্য ও প্রমাণভিত্তিক প্রক্রিয়া অনুসরণের ওপরও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত