ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মেসির জন্য খুলে গেল শৈশবের ক্লাবের দরজা

মেসির জন্য খুলে গেল শৈশবের ক্লাবের দরজা

বার্সেলোনা তাকে দিয়েছে বিশ্বসেরা হওয়ার মঞ্চ। ইন্টার মায়ামি দিয়েছে ক্যারিয়ারের শেষ অধ্যায়ের নতুন রং। কিন্তু ফুটবলের এই মহাতারকার গল্পে এমন একটি ঠিকানা আছে, যেখানে ফিরলে সেটি হবে শুধু ক্লাব বদল নয়-শৈশবে ফিরে যাওয়ার এক আবেগঘন অধ্যায়। সেই ঠিকানা আর্জেন্টিনার রোজারিও, নিউয়েলস ওল্ড বয়েজ! মেসির ফুটবল-শৈশবের সঙ্গে নিউয়েলসের সম্পর্কটা অনেক গভীর। মাত্র সাত-আট বছর বয়সে তিনি ক্লাবটির বয়সভিত্তিক দলে যোগ দেন। পরে ১৩ বছর বয়সে বার্সেলোনার পথে পাড়ি জমান। নিউয়েলসের বয়সভিত্তিক দলে তার সময়টা ছিল ১৯৯৪ থেকে ১৯৯৯/২০০০ পর্যন্ত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ওই সময় ১৭৬ ম্যাচে মেসির গোল ছিল ২৩৪টি।

দুই যুগের বেশি সময় পর সেই ছোট্ট মেসিই এখন ৩৯ বছরের মহাতারকা। আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অথচ ঠিক এই সময়েই সামনে এসেছে পুরোনো সেই প্রশ্ন! ক্যারিয়ারের শেষটা কি নিজের শহরের ক্লাবে কাটাবেন মেসি? গুঞ্জনটা নতুন নয়। নিউয়েলসের পক্ষ থেকেও মেসিকে ফেরানোর স্বপ্নের কথা প্রকাশ্যে এসেছে। ক্লাবটির সভাপতি ইগনাসিও বোয়েরো জানিয়েছেন, মেসি খেলতে থাকলে তাকে ফেরানোর আশা থাকবে। তবে মেসির পারিবারিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এখনই কোনো চাপ দিতে চায় না নিউয়েলস। দরজা খোলা, কিন্তু এখনো চুক্তির টেবিলে বসেনি দুই পক্ষ।

এর মধ্যেই মেসিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ইন্টার মায়ামির নতুন কোচ ক্রিস্তিয়ান 'কিলি' গঞ্জালেস। নিউয়েলসে ফেরার সম্ভাবনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে মায়ামি কোচের বক্তব্য ছিল, মেসি যা করতে চান, তাতে তার সমর্থন থাকবে। গঞ্জালেসের সঙ্গে মেসির গল্পটাও আলাদা-দুজনেরই শিকড় রোজারিওতে। গঞ্জালেস নিজে রোজারিও সেন্ট্রালের সাবেক খেলোয়াড় এবং আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার। সেপ্টেম্বরেই তিনি মায়ামির দায়িত্ব নিয়েছেন, ২০২৮ সালের জুন পর্যন্ত তার চুক্তি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত