ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

তাসকিনের রেকর্ড ভেঙে শীর্ষে শরিফুল

ডি থ্রির নিলাম
তাসকিনের রেকর্ড ভেঙে শীর্ষে শরিফুল

নিলামের মঞ্চে রেকর্ড হলো, সেই রেকর্ড টিকল না কয়েক মিনিটও! তাসকিন আহমেদের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙে ডি থ্রি ট্রফির নিলামে নতুন উচ্চতায় উঠলেন শরিফুল ইসলাম। জাতীয় দলের এই বাঁহাতি পেসারকে দলে নিতে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক। এর আগে ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে কিনে রেকর্ড গড়েছিল ওয়ালটন। কিন্তু শরিফুলের দর হাঁকানোর পর সেই রেকর্ড হয়ে যায় পুরোনো। গতকাল সোমবার রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দলগুলোর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পেসারদের ঘিরে প্রতিযোগিতা জমে ওঠে বেশ ভালোভাবেই।

তাসকিনের রেকর্ড গড়ার পর শরিফুলকে নিয়ে শুরু হয় নতুন লড়াই। শেষ পর্যন্ত দুই কোটি ৩০ লাখ পয়েন্টে তাকে নিজেদের শিবিরে ভেড়ায় সিটিজেনস ব্যাংক। তাতে নিলামের এখন পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া ক্রিকেটার হয়ে গেছেন শরিফুল। এর আগে নিলামের আলোচনায় ছিলেন তানজিদ হাসান তামিম। তাকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছিল ফরচুন। কিন্তু তাসকিন ও শরিফুলের দর ওঠার পর সর্বোচ্চ পয়েন্টের লড়াইয়ে পিছিয়ে পড়েন এই ওপেনার। অল্প সময়ের ব্যবধানে নিলামের শীর্ষস্থান বদলেছে একাধিকবার। শুরুতে তানজিদ, এরপর তাসকিন এবং সবশেষে শরিফুল-পয়েন্টের লড়াইয়ে একের পর এক নতুন চমক দেখিয়েছে নিলাম।

শুধু শরিফুল কিংবা তাসকিন নন, জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের জন্যও বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে দলগুলো। ওপেনার সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। একই অঙ্কে পেসার হাসান মাহমুদকে কিনেছে ব্লু স্টার। জাকের আলীর জন্য সিটিজেনস ব্যাংক খরচ করেছে ১ কোটি ৭০ লাখ পয়েন্ট। জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার লিটন দাসকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে মুমিনুল হকের দল ওয়ালটন। অন্যদিকে নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ব্লু স্টার। ৮০ লাখ পয়েন্টে ওয়ালটনে জায়গা পেয়েছেন মুমিনুল হক। এর আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে কিনেছিল ব্লু স্টার। নাজমুল হোসেন শান্তর জন্য ফরচুন খরচ করেছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত