
সবশেষ ৪ টেস্টে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল টাইগাররা। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের পর এবার আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। আসন্ন এই টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে শান্ত বলছিলেন, 'মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। এটা সত্যি আমাদের গত ২-৩ ম্যাচ ভালো যায়নি। এটা নিয়ে না ভেবে সামনে কীভাবে ভালো করতে পারি এটাই বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, কোথায় আরও ভালো করতে পারতাম এসব নিয়ে আলোচনা হয়েছে। যদিও এটা ভিন্ন কন্ডিশন। মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। সেরা খেলা খেললে, পরিকল্পনা কাজে লাগালে ভালোভাবেই ম্যাচটি খেলতে পারব।'
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'কন্ডিশন এখনও দেখার সুযোগ হয়নি। তবে এখানে অবশ্যই পেস বোলারদের সহায়তা থাকবে। পাশাপাশি স্পিনাররা অভিজ্ঞ এই কন্ডিশনে। পেসারদের প্রতি দায়িত্ব বেশি থাকবে। স্পিনাররাও সাপোর্ট করলে ভালো ম্যাচ দিতে পারব। অতীতে এখানে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আছে। দক্ষিণ আফ্রিকায় আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমাদের সামনে প্রমাণ আছে, এখানেও ভালো খেলা, ম্যাচ জেতা সম্ভব। তবে দিনশেষে সেরাটাই খেলতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।'
আসন্ন এই সিরিজে ভালো কিছু হবে বলে বিশ্বাস শান্তর, 'আমার তো অনেক বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দল বিশ্বাস করে আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। বোলিং বিভাগ ভালো করছে। এক-দুই ইনিংস বা সিরিজ নিয়ে বিচার করা উচিৎ না। এই সিরিজে শুধু মিডল ওভার না, নতুন বল থেকে শুরু করে সবখানে ওরা ভালো করবে ইনশাআল্লাহ।'
বোলিং কম্বিনেশন নিয়ে শান্ত বলেন, '৩ পেসার তো অবশ্যই থাকবে, এতটুকু বলতে পারি। সাথে একজন স্পিনারও তো থাকা উচিত। স্পিনাররাও ভালো অবদান রাখছে। অস্ট্রেলিয়ায় যেভাবে বল করেছে, বিশেষ করে মিরাজ। আমার মনে হয় এই কম্বিনেশনে আমরা যেতে পারি। তারপরও আরও একদিন যেহেতু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নিব।' এক স্পিনার খেলানোর পরিকল্পনা থাকায় ব্যাক-আপ হিসেবে মুমিনুল-হৃদয়কেও নেটে বোলিং করতে দেখা গেছে। শান্ত বলেন, 'মুমিনুল ভাইকে এই বার্তা আগেই দেওয়া হয়েছে, উনি যেন নেটে বল করে। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, এই দুই ভেন্যু তার চেয়ে ভিন্ন। তাই একটু ভিন্ন বোলিং অ্যাটাক নিয়ে আমরা যাব। পাশাপাশি হৃদয়ের বোলিং ইম্পরট্যান্ট। টেস্ট বা ওয়ানডে বলুন, আমাদের দলে খুব বেশি বোলিং হয় না। টিম হিসেবেই শুরু করেছি, ব্যাটাররা যেন নেটে বোলিং করি। এটাই প্ল্যান। যদি ম্যাচে কাজে লাগে, কেন না?'
পরে ব্যাটিং ইউনিটে তানজিদ তামিমের ভূমিকা নিয়ে শান্ত জানান, 'কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলব না। এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করা জরুরি। বিশেষ করে যারা উইকেটে সেট হবে তাদের বড় ইনিংস খেলতে হবে। সেটা তামিম হোক বা অন্য কেউ। প্রথম ইনিংসে বড় রান জড়ো করলে যে বোলিং আক্রমণ আছে, লড়াই করা যাবে।'