
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশ শিবিরে। গ্রোইন ইনজুরির কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। আজকের অনুশীলন সেশনে অংশ নেননি মুশফিক। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে দেখা যাবে না তাকে। মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাবে বাংলাদেশকে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'প্রথম টেস্ট চলাকালীন মুশফিকুর বাম কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করানো হয় এবং রিপোর্টে পেলভিসের হাড়ের চারপাশে কিছুটা প্রদাহ ও জ্বালাপোড়া ধরা পড়েছে।' 'এই ধকল কাটিয়ে উঠতে এবং চোট যেন আর না বাড়ে তা নিশ্চিত করতে তার তাৎক্ষণিক বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। ফলে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।'-যোগ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে চেনা ছন্দে নেই মুশফিক। সর্বশেষ চার ইনিংসে পাননি কোনো ফিফটির দেখা। শেষ ছয় ইনিংসে একটি অর্ধশতকের বিপরীতে রয়েছে দুটি ডাক। অফফর্মের পাশাপাশি এবার চোটে পড়ায় তার ফেরাটা কঠিনই হয়ে গেছে।