ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ আগামী বছরের জুনে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে। সেই বড় আয়োজনের আগে দলকে প্রস্তুত করতে বিসিবি এক নতুন উদ্যোগ নিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশেই একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব তোলা হয়। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুই পক্ষই এতে ইতিবাচক সাড়া দিয়েছে।

সময়কাল নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। পাকিস্তানের সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু বিসিবি কর্মকর্তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, নাকভির উল্লেখ করা সময় সঠিক নয়। প্রস্তাবটি মূলত ২০২৭ এশিয়া কাপের আগে খেলার জন্য দেওয়া হয়েছে। আলোচনার সঙ্গে যুক্ত এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব আমরা দিয়েছি এবং দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনও দুই বোর্ডের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যাচ্ছে না। ওই কর্মকর্তা আরও যোগ করেন, যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই বিষয়টি বিবেচনা করছে, তাই আমরা এখনই এর ঘোষণা দিতে পারছি না। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে আমাদের জানাবে। ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত