
যাঁকে নিয়ে আসা হয়েছিল সাফের শিরোপা জয়ের লক্ষ্যে, সেটি ব্যর্থ হওয়ার পর কানাঘুষা চলছিল কোচ থমাস ডুলির ছাঁটাইয়ের। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি এখনই তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
কোচের সঙ্গে আরও আলোচনা এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য শোনার পর পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে কমিটির সুপারিশ পাঠানো হবে বাফুফের নির্বাহী কমিটিতে। গত শনিবার সন্ধ্যায় বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এমনটা জানান কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
'কোচকে আমরা বাদ দেব, রাখব, নাকি কী করব, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে চাই। কোচের সঙ্গে আমাদের আবার বসতে হবে। শিগগিরই আরেকটি সভা ডাকব। দেশের ফুটবলের স্বার্থে কোচের বিষয়ে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি।' তাঁর যুক্তিু শুধু প্রধান কোচ নয়, তাঁর সঙ্গে কাজ করা সহকারী কোচ, ভিডিও অ্যানালিস্ট, ফিজিও এবং দেশীয় কোচিং স্টাফদের সঙ্গেও কথা বলতে চায় কমিটি। এ জন্য টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকেও সভায় রাখা হয়েছে। এদিনের সভায় কোচ ডুলিকে ডেকে আনা হয়, সাফের ব্যর্থতা সম্পর্কে তাঁর উপলব্ধির কথাও শোনা যায়। যেখানে ডুলির যুক্তি ছিল সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের মধ্যে মাত্র একটি গোল হজম করে বিদায় নিতে হয়েছে তাঁর দলকে, এবং তাতে একজনের ব্যক্তিগত ভুল ছিল স্পষ্ট। তাঁর বক্তব্যের মূল কথা ছিলু বাংলাদেশ উন্নতির পথে রয়েছে এবং এই অগ্রযাত্রা ধরে রাখা প্রয়োজন। ২০২৬ সালের ২২ মে ডুলি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দেন এবং তাঁর চুক্তির মেয়াদ দুই বছর।
যেহেতু আগের কোচ ক্যাবরেরা প্রায় চার বছর সময় পেয়েছিলেন, তাঁর অধীনে ৩৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ, এর মধ্যে ১০টি জয়, ১০টি ড্র এবং ১৯টি পরাজয় ছিল। সেই ক্যাবরেরা যখন এতদিন সময় পেয়েছিলেন, তখন ডুলিকেও আরও কিছু সময় দেওয়া উচিতু এমন যুক্তিও উঠেছে। ডুলি তার প্রায় সাত মাসের মেয়াদে সাতটি ম্যাচ খেলিয়েছেন। যার মধ্যে সানমারিনো, ভুটান আর শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি জয় পেয়েছেন। তিনি এখন বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি জানেন। বিশেষ করে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছে। মার্চে বিশ্বকাপ বাছাইয়ের পর্বে তিনি এই উন্নতির স্পষ্ট ছাপ রাখতে চান।